সুপ্রিম কোর্টে নাটকীয় পটপরিবর্তন! আই-প্যাক মামলায় সিবিআই তদন্ত নিয়ে অবস্থান বদলাল মমতার সরকার

দেশের রাজনীতি ও আইনি মহলে শোরগোল ফেলে ইডি-র আই-প্যাক (I-PAC) তল্লাশি ও ফাইল চুরির মামলায় এল এক নাটকীয় মোড়। রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পরই সুপ্রিম কোর্টে দুই পক্ষের পুরনো অবস্থানে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। পূর্বে এই মামলার ক্ষেত্রে বিরোধিতার সুর চড়া থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়ায় আর কোনো আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, রাজ্যে সরকার পাল্টেছে এবং বর্তমান পরিস্থিতিতে ইডি-র আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে। তবে এই অবস্থানের ঠিক উলটো সুর শোনা গিয়েছে কেন্দ্রের আইনজীবীর গলায়। সলিসিটর জেনারেল এই সওয়ালের বিরোধিতা করে স্পষ্ট জানিয়ে দেন যে, বর্তমান পরিস্থিতির কোনও বদল ঘটেছে কি না, তা দেখার বিষয় নয়। অন্যদিকে, আই-প্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইডি-র আইনজীবীরা।

উল্লেখ্য, ভোটের মুখে কয়লা পাচার মামলায় আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি তল্লাশি চালায়। সেই সময় তল্লাশিতে বাধা ও ফাইল চুরির মতো গুরুতর অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

পাশাপাশি, এদিন সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ (DA) সংক্রান্ত মামলারও শুনানি হয়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন যে, অন্তর্বর্তী নির্দেশে অবিলম্বে ২৫ শতাংশ ডিএ মেটানোর কথা বলা হলেও, এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মী সেই বকেয়া পাননি। সব মিলিয়ে রাজনৈতিক ও আইনি নানা ঘটনার জেরে এই মামলাগুলির জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *