বোতলে পেট্রোল নিলেই বড় বিপদে পড়বেন!, কড়া নিষেধাজ্ঞা জারি করল পুলিশ

খোলা বাজারে বা রাস্তার ধারের দোকানে দোকানে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মতো দাহ্য পদার্থ খুচরোভাবে বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। অনুমোদনহীনভাবে দাহ্য পেট্রোলিয়ামজাত পণ্য মজুত ও ব্যবহারের ফলে সম্ভাব্য অগ্নিকাণ্ড এবং সাধারণ মানুষের জীবনের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দ এই নির্দেশ জারি করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অগাস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী ৬০ দিন অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার পাম্প ও লাইসেন্সপ্রাপ্ত জ্বালানি বিক্রেতাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমেই সরাসরি গাড়ির জ্বালানি ট্যাঙ্কে পেট্রোল বা ডিজেল দিতে হবে। বিশেষ অনুমতি ছাড়া বোতল, জার, প্লাস্টিকের ক্যান বা ড্রামে জ্বালানি দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে রাস্তার ধারে খোলা বোতলে পেট্রোল ও ডিজেল বিক্রির বেশ কিছু ঘটনা পুলিশের নজরে আসে। এরপরই নড়েচড়ে বসে লালবাজার। এক পুলিশ আধিকারিক জানান, পেট্রোলিয়ামজাত পণ্য নির্দিষ্ট নিরাপত্তা বিধি এবং লাইসেন্সের শর্ত মেনেই যাতে বিক্রি ও ব্যবহৃত হয়, তা নিশ্চিত করাই এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য। যদি কেউ এই আইন অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।