শিক্ষক থেকে পুলিশ কনস্টেবল—একলাফে কটি শূন্যপদে চাকরি আসছে? বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী!

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এল এক বড় ঘোষণা। কর্মসংস্থান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রায় ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। শিক্ষক ও পুলিশ সহ বিভিন্ন দফতরে এই নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে করা হবে বলে জানিয়েছেন তিনি।

কোথায় কত নিয়োগের পরিকল্পনা?

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ২৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। নতুন সরকারের আমলে এটিই প্রথম বড় নিয়োগ হতে চলেছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের ৫৪টি সরকারি দফতরে গ্রুপ A, B ও C মিলিয়ে মোট ১৭,৭১৪টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। এর মধ্যে গ্রুপ A-তে বিচার বিভাগ, ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ), অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস সহ ২,৪৯০টি পদ রয়েছে। এছাড়া গ্রুপ B-তে ২,৮৪৮টি এবং গ্রুপ C-তে ১২,৩৭৬টি শূন্যপদ রয়েছে। এই পদগুলির জন্য ইতিমধ্যেই প্রায় ১২.৬৫ লক্ষ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এর পাশাপাশি আরও ৮,০০৮টি শূন্যপদে নিয়োগের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া নিয়োগগুলিও এবার পিএসসি (PSC)-র মাধ্যমেই পরিচালিত হবে।

পুলিশ ও শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ

রাজ্য পুলিশে দীর্ঘদিনের কর্মী ঘাটতি দূর করতে বড়সড় নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (PRB) পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর আগেই প্রথম দফায় ১২ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পরেই আরও ১৭,১৪৩টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, শিক্ষা ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সহকারী শিক্ষক নিয়োগের কাজ চলছে। ইতিমধ্যেই ৩৯ হাজার সহকারী শিক্ষক পদের মধ্যে প্রায় ১৫ হাজারের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং ২০১৬ সালের বকেয়া ১,১৭৭টি নিয়োগের প্রক্রিয়াও সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল পুজোর আগেই প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে আগামী দিনে রাজ্যের বেকার যুবকদের জন্য সরকারি চাকরির বড় সুযোগ তৈরি হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *