১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা! ১০ জুলাইয়ের পর আবেদন করলে কবে মিলবে অন্নপূর্ণা যোজনা?

রাজ্যে প্রথম বিজেপি সরকারের একশো দিন পূরণ হয়েছে ১৭ অগস্ট সোমবার। আর সেই বিশেষ দিনেই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার একটি গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন। চলতি অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। তবে অনেকের মনেই প্রশ্ন ছিল, যাঁরা গত ১০ জুলাইয়ের পর এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁরা কবে থেকে এই আর্থিক সহায়তা হাতে পাবেন? সোমবার সেই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেই বৈঠকে সাংবাদিকরা জানতে চান, ১০ জুলাইয়ের পর আবেদন করা আবেদনকারীদের পোর্টালে কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। এর উত্তরে সচিব জানান, এই প্রকল্পে বেশি সংখ্যক যোগ্য মহিলাকে অন্তর্ভুক্ত করাই তাঁদের প্রধান লক্ষ্য। আবেদন জমা পড়ার পর প্রথমে তা এনকোয়ারি বা অনুসন্ধান করা হয়, এরপর ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সবশেষে তা অ্যাপ্রুভ করা হয়। এই পদ্ধতিটি বর্তমানে চলমান রয়েছে। এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের কল্যাণে যে কটি জনমুখী প্রকল্প চালু করেছে, তার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় আবেদনকারী মহিলারা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ৩ হাজার টাকা করে পেয়ে থাকেন। ইতিমধ্যে যোগ্য আবেদনকারীরা অন্নপূর্ণার নির্দিষ্ট ফর্ম পূরণ করে ফেলেছেন। গত ১০ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে থেকে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে। তবে যাঁদের আবেদন ১০ জুলাইয়ের পর জমা হয়েছে, তাঁদের জন্য সুখবর দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভেরিফিকেশনের সময় প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর নাম সাময়িকভাবে বাদ পড়েছে। যদিও এই বাদ যাওয়া নামগুলির ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ ও সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনও প্রকৃত উপভোক্তা বঞ্চিত না হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *