আসছে চমক! মঙ্গলবার থেকেই চালু হচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত গোলাপি বাস পরিষেবা

নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং সমাজে তাদের স্বাবলম্বী করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। আগামী মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে বিশেষ মহিলা বাস সার্ভিস। এই বাসের চালক থেকে শুরু করে কন্টাক্টার—সব পজিশনেই দায়িত্ব সামলাবেন নারীরা। ইতিমধ্যে নির্বাচিত মহিলা কর্মীদের সমস্ত প্রশিক্ষণ পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন নিগম বা বিআরটিসি-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে রাস্তায় নামতে চলা এই বাসগুলি সম্পূর্ণ গোলাপি রঙের হবে এবং এগুলির অধিকাংশই দোতলা বাস। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারীদের কাজের সুযোগ বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই প্রকল্প তারই বাস্তব রূপায়ণ বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
সরকারি সূত্রে জানা গেছে, এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
ভবিষ্যতে পরিসর বৃদ্ধির পরিকল্পনা
রাজধানীর পর এবার দেশের অন্যান্য বড় শহরগুলিতেও এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারি ঘোষণা অনুযায়ী, দ্বিতীয় দফায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে এই মহিলা বাস সার্ভিস চালু করা হবে।
বিএনপির মিডিয়া সেলের তরফে শায়রুল কবির খান এ বিষয়ে বলেন, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে মহিলারা যে সব ধরনের কাজ করতে পারেন, মহিলা বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে সমাজে সেই ধারণার ভিত আরও মজবুত হবে। এর ফলে আগামী দিনে অন্যান্য পুরুষ-নির্ভর পেশাতেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।