পাক জঙ্গির হাতে কলকাতার ভোটার কার্ড! নাম বদলে কীভাবে নাগরিকত্ব পেল রানা রউফ?

রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেপ্তারের ঘটনার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। হাবড়া থেকে আইএসআই (ISI) চর সন্দেহে ধৃত পাকিস্তানি নাগরিক রানা রউফের কাছে পাওয়া গেছে খাস কলকাতার ভোটার কার্ড! ভিনদেশি এক নাগরিক কীভাবে দেশের অভ্যন্তরে এসে এমন গুরুত্বপূর্ণ নথি জোগাড় করল এবং এর নেপথ্যে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ধৃত রানা রউফ নিজের নাম পরিবর্তন করে কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর পার্টে ওয়াহাব আলম পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলিয়েছিল। ২০১৮ সালে ধৃত মহম্মদ ইজাজ এই পুরো প্রক্রিয়াটিতে সাহায্য করেছিল বলে অভিযোগ উঠেছে। কসবার ওই ভোটার তালিকায় ৪১৬ নম্বরে ওয়াহাব আলম নামে এক ব্যক্তির হদিশ মিলেছে, যেখানে পিতার নাম জাবর আলম এবং বয়স ৩৬ বলে উল্লেখ রয়েছে। তবে পরবর্তী সময়ে বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন শুনানিতে ডাকা হলেও সে হাজির হয়নি।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী শিবির তথা সিপিএমের পক্ষ থেকে কসবাপাড়ার স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলা হয়েছে। ভোটার তালিকায় অস্বাভাবিক সংখ্যায় নাম বৃদ্ধি এবং ভুয়ো শংসাপত্র দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন বিরোধীরা। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা জবাব দিয়েছে শাসক শিবিরও। বর্তমানে এসটিএফের কড়া নজরদারিতে গোটা চক্রের শিকড় সন্ধান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *