ল্যান্সডাউন মার্কেটে আচমকা হানা মন্ত্রীর! ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত খালি না করলে কড়া ব্যবস্থা

রবিবাসরীয় সকালে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন মার্কেটে আচমকা পরিদর্শনে গিয়ে কড়া মেজাজে ধরা পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালানো, বেআইনি পার্কিং এবং ত্রিপলের ছাউনি দিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর একাধিক অভিযোগে এদিন সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন ভবানীপুর থানার পুলিশ ও কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা।

বাজারের অলিগলিতে ঘুরে প্রতিটি দোকান পরিদর্শন করেন মন্ত্রী। ফুটপাতের ওপর হকারদের পসরা ও জবরদখলের চিত্র দেখেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যবসায়ীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, রাস্তা বা ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, তা কোনোভাবেই সংসার পাতার জায়গা বা ব্যক্তিগত দখলের জায়গা হতে পারে না।

জবরদখল হঠাতে এ দিন ব্যবসায়ীদের সরাসরি ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত ও রাস্তার পাশের অবৈধ দখল সরিয়ে না নিলে পুলিশি পদক্ষেপে সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি, বাজারগুলিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে বেআইনি ত্রিপলের ছাউনি এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের প্রতিটি বাজারকে জবরদখলমুক্ত ও সুশৃঙ্খল করে তুলতে সরকারের এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *