স্পাইওয়্যার হানার বিরাট বিপদ! শত শত দেশের অ্যাপেল ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশিকা

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীদের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে, তাতে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ ব্যবহারকারীদের উদ্বেগ। সামান্য একটু অসতর্কতার সুযোগ নিয়েই হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য। আর এই আবহেই এবার বিশ্বের কোটি কোটি আইফোন (iPhone) ব্যবহারকারীদের জন্য এক চরম আশঙ্কার কথা শোনাল টেক জায়ান্ট অ্যাপেল (Apple)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের ডিভাইসে যেকোনো মুহূর্তে ভয়াবহ স্পাইওয়্যার অ্যাটাক হতে পারে।
লক-স্ক্রিন নোটিফিকেশনের মাধ্যমে বিশেষ সতর্কতা
অ্যাপেলের তরফে জানানো হয়েছে, এই মারাত্মক স্পাইওয়্যার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ অ্যালার্ট পাঠানো হচ্ছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে সম্প্রতি ফোনগুলির লক-স্ক্রিনে সরাসরি নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে সংস্থাটি। ফোন লক থাকা অবস্থাতেই স্ক্রিনে ভেসে উঠছে সেই সতর্কবার্তা, যেখানে ব্যবহারকারীদের অবিলম্বে নিজেদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হচ্ছে।
গত ১৩ আগস্ট প্রকাশিত একটি আন্তর্জাতিক রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের শতাধিক দেশের আইফোন ব্যবহারকারীদের ইতিমধ্যেই এই বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। অ্যাপেল স্পষ্ট করে জানিয়েছে যে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ইতিমধ্যেই হ্যাকারদের কবলে চলে গেছে এমন নয়, বরং সম্ভাব্য হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতেই এই পূর্বাভাস দেওয়া হচ্ছে।
কীভাবে হামলার আশঙ্কা টের পায় অ্যাপেল?
নিজেদের অপারেটিং সিস্টেম ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখতে অ্যাপেল সর্বদা ‘থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম’ (Threat Intelligence System) ব্যবহার করে। বিভিন্ন সূচক ও ডেটা বিশ্লেষণ করে হ্যাকার হানার কোনো ঝুঁকি রয়েছে কি না, তা আগেভাগেই আঁচ করতে পারে এই প্রযুক্তি। অতীতে সাইবার হামলার আশঙ্কা থাকলে কুপার্টিনোর এই সংস্থাটি মূলত ইমেল মারফত ব্যবহারকারীদের সতর্ক করত। কিন্তু বর্তমানের এই স্পাইওয়্যার হামলার আশঙ্কা অত্যন্ত গুরুতর হওয়ায়, ইমেলের পাশাপাশি সরাসরি লক-স্ক্রিনেই নোটিফিকেশন পাঠানোর পথ বেছে নিয়েছে তারা।
প্রতারকদের ফাঁদ থেকে সাবধান
এদিকে অ্যাপেলের এই সতর্কবার্তার সুযোগ নিয়ে বর্তমানে এক শ্রেণির সাইবার অপরাধীও সক্রিয় হয়ে উঠেছে। ভুয়ো মেসেজ পাঠিয়ে নিজেদের অ্যাপেল প্রতিনিধি দাবি করে বিভিন্ন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার জন্য ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে তারা। এই ধরনের প্রতারণামূলক মেসেজ এবং ফিশিং লিঙ্ক থেকে সম্পূর্ণ দূরে থাকার কঠোর পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।