বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণ! কলকাতা থেকে গ্রেফতার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়া উদীয়মান ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত। আদালতের নির্দেশে তাঁকে আগামী ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। হাইকোর্টের কঠোর নির্দেশের পরেই মগরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছিল হুগলি মগরা থানার পুলিশ। ওইদিনই তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার সেই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে পুনরায় আদালতে পেশ করা হয়। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৮ অগস্ট তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুগলি মগরা এলাকার এক তরুণীর সঙ্গে বিগত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। এমনকী দু’জনে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ওই ক্রিকেটারের তরফ থেকে যোগাযোগ ও দূরত্ব বাড়াতে শুরু হয়। বছর দেড়েক আগে এই নিয়ে দুই পরিবারের মধ্যে সমস্যা তৈরি হলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

এরপর মগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও প্রাথমিক পর্যায়ে চন্দননগরের বাড়িতে তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ। পরবর্তীতে ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত পুলিশকে দ্রুত গ্রেফতারির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই গত ১১ অগস্ট দমদম থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। আইনি লড়াইয়ের এই জল গড়ায় দূরদূরান্তে, যা এখন ক্রীড়ামহল ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *