আরজি কর কাণ্ডে বিরাট পদক্ষেপ! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আলোড়ন ফেলে দেওয়া আরজি কর কাণ্ডে আরও এক বড় মোড়। বহুল আলোচিত এই ঘটনায় খড়দহ থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর সংলগ্ন এলাকা থেকে তাঁকে পাকড়াও করার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
পুলিশ সূত্রে জানা গেছে, বিগত দিনে ঘটে যাওয়া ওই পৈশাচিক ঘটনার পর প্রমাণ লোপাট এবং খোদ নির্যাতিতা চিকিৎসকের দেহ পরিবারের অমতে ও তড়িঘড়ি সৎকারের নেপথ্যে প্রধান ভূমিকা পালনের অভিযোগ রয়েছে এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। মৃত চিকিৎসকের বাবার করা নতুন এফআইআর এবং রাজ্য প্রশাসনের কঠোর নির্দেশের পরই নড়েচড়ে বসে প্রশাসন। ওড়িশায় আত্মগোপন করে থাকা নির্মল ঘোষকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনা হয়।
এদিকে শুক্রবার খড়দহ থানা থেকে প্রাক্তন এই বিধায়ককে প্রিজন ভ্যানে তোলার সময় চরম উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম, জুত ও কাদা ছোড়েন বিক্ষুব্ধ জনতা। পুলিশের কড়া নিরাপত্তা বলয় এবং হেলমেট পরিয়ে তাঁকে ঢেকে নিয়ে যাওয়া হলেও জনরোষ এড়ানো যায়নি। একই ছবি দেখা যায় ব্যারাকপুর আদালত চত্বরেও, যেখানে তাঁকে ঘিরে লাগাতার ‘চোর’ স্লোগান তুলতে থাকেন সাধারণ মানুষ ও প্রতিবাদীরা। সবমিলিয়ে, আরজি করের তদন্তে এই হাইপ্রোফাইল গ্রেফতারির জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।