চিকেনের চেনা ঝোল খেয়ে বোর হয়ে গেছেন? আজই ট্রাই করুন ‘চিকেন ধোকা’! রইল তাক লাগানো নতুন রেসিপি

বাড়িতে হঠাৎ অতিথি চলে আসলে বা ছুটির দিনে একটু অন্য রকমের কিছু রান্না করতে চাইলে চিন্তার অন্ত থাকে না। রোজকার একঘেয়ে চিকেনের ঝোল বা কষা মাংসের বদলে যদি একটু নতুন কিছু ট্রাই করতে চান, তবে অত্যন্ত কম সময়ে এবং সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা ‘চিকেন ধোকা’। প্রিয়জনকে নিজের হাতে নতুন কিছু রেঁধে খাইয়ে চমকে দেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প।

প্রয়োজনীয় উপকরণ:

ছোলার ডাল: আধ কাপ

মটর ডাল: আধ কাপ

ছোলা: আধ কাপ

চিকেন কিমা: দেড় কাপ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

গোটা জিরে: ১ চা চামচ

পেঁয়াজ কুচি: আধ কাপ

কাঁচালঙ্কা কুচি: ১ টেবিল চামচ

সর্ষের তেল: পরিমাণ মতো

আদা বাটা: ১ টেবিল চামচ

রসুন বাটা: ২ চা চামচ

গরমমশলা গুঁড়ো: ১ চা চামচ

ঘি: আধ চা চামচ

নুন ও চিনি: স্বাদমতো

সহজ প্রণালী:
প্রথমে ছোলার ডাল, মটর ডাল এবং ছোলা একসঙ্গে ভালোভাবে ধুয়ে বেশ কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। ডাল ও ছোলা নরম হয়ে এলে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এর পাশাপাশি মাংসের কিমাও মিক্সিতে মিহি করে পেস্ট বা কিমা করে রাখুন।

এবার মাংসের কিমার সঙ্গে ডালের মিশ্রণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন ও সামান্য চিনি মিশিয়ে একটি ডোয়ের মতো তৈরি করুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা কুচি সোনালি করে ভেজে নিন। এবার ওই কড়াইতে চিকেন ও ডালের মিশ্রণটি ঢেলে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। মিনিট পাঁচেক কষানোর পর মিশ্রণটি কড়াই থেকে নামিয়ে একটি থালায় ছড়িয়ে ঠান্ডা করতে দিন।

মিশ্রণটি ঠান্ডা হয়ে জমে গেলে বরফির আকারে বা চৌকো করে কেটে নিন। এরপর কড়াইতে ফের তেল গরম করে এই ধোকাগুলি হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই সমস্ত গুঁড়ো মশলা, আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিয়ে ঝোল ফুটিয়ে নিন। ঝোল ফুটলে ভেজে রাখা ধোকাগুলি গ্রেভিতে ছেড়ে দিন এবং কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে সামান্য ঘি ও গরমমশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু এই চিকেন ধোকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *