গ্রেফতারি এড়াতে মরিয়া বীরভূমের ‘পাথর সম্রাট’! স্বস্তি পেতে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দরজায় টুলু মণ্ডল

গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের আইনি খাঁড়া ঝুলতেই বড়সড় পদক্ষেপ নিলেন বীরভূমের বিতর্কিত ‘পাথর মাফিয়া’ তথা বেতাজ বাদশা টুলু মণ্ডল। পুলিশি ও প্রশাসনিক চাপ এড়াতে এবং কোণঠাসা অবস্থা থেকে মুক্তি পেতে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দারস্থ হয়েছেন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন টুলু মণ্ডলের আইনজীবী।

হাইকোর্টে জরুরি শুনানির আবেদন
আইনজীবীর পক্ষ থেকে এই মামলায় দ্রুত শুনানির বিশেষ আর্জি জানানো হয়েছে। সেই অনুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুর দুটোয় বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি চন্দ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। একদিকে যখন প্রশাসন তাঁকে হন্যে হয়ে খুঁজছে, ঠিক তখনই আইনি পথে স্বস্তি পেতে এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা।

প্রশাসনের কড়া পদক্ষেপ ও নোটিস জারি
উল্লেখ্য, টুলু মণ্ডলের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাঁর খোঁজে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিসও (Interpol Red Corner Notice) জারি করা হয়েছে। কিন্তু এতদিন ধরে বেপাত্তা থাকায় তাঁর কোনো হদিস পাচ্ছিল না তদন্তকারীরা।

এই পরিস্থিতিতে গত বুধবার থেকেই বীরভূমের বিভিন্ন পাথর খাদান ও সংশ্লিষ্ট এলাকায় তাঁর আদালতে হাজিরার নোটিস প্রচার করা শুরু হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালেই বীরভূমের সিউড়ির সুভাষপল্লি এলাকায় টুলু মণ্ডলের পৈতৃক বাড়িতে গিয়ে হাজিরার নোটিস সাঁটিয়ে দিয়ে এসেছে প্রশাসন। ওই নোটিসে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সশরীরে সিউড়ি আদালতে হাজিরা দিতে হবে। নির্ধারিত ওই সময়ের মধ্যে তিনি আদালতে হাজিরা না দিলে তাঁকে আইনগতভাবে ‘ঘোষিত অপরাধী’ (Proclaimed Offender) হিসেবে গণ্য করা হতে পারে। সবমিলিয়ে, একদিকে আদালতের কড়া সময়সীমা এবং অন্যদিকে হাইকোর্টে আইনি লড়াইয়ের জেরে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে টুলু মণ্ডল ও তাঁর ঘনিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *