শিক্ষাব্যবস্থা নিয়ে মোদী সরকারের বিপদ বাড়াতে দেশজুড়ে ‘লিসেনিং ট্যুর’-এর ডাক দিল ককরোচ জনতা পার্টি

দিল্লির রাজপথে ছাত্র আন্দোলনের তোলপাড় ফেলে দেওয়া অধ্যায়ের পর এবার আরও একধাপ এগিয়ে আন্দোলনের নতুন প্রস্তুতি শুরু করে দিল ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। বুধবার স্পষ্ট ভাষায় দেশজুড়ে ‘যন্তর মন্তর সিজন ২’ (Jantar Mantar Season 2 CJP) শুরু করার হুংকার দিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)।
কী বলছেন সিজেপির নেতৃত্ব?
গত মাসেই দিল্লির যন্তর মন্তরে ছাত্র সমাজের এক অভূতপূর্ব আন্দোলন দেখেছিল দেশ। প্রশ্নপত্র ফাঁস, পড়ুয়াদের আত্মহত্যা এবং শিক্ষাক্ষেত্রে সামগ্রিক সংস্কারের দাবিতে সেই প্রতিবাদের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অভিজিৎ দিপকে জানান, ইনস্টাগ্রামে বহু তরুণ-তরুণী তাঁকে ‘যন্তর মন্তর সিজন ২’ কবে আসছে, তা নিয়ে প্রশ্ন করছিলেন। তাঁদের উদ্দেশে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অত্যন্ত দ্রুত শুরু হতে চলেছে এই নতুন পর্ব।
তবে বিষয়টিকে কেবল একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ বিক্ষোভ হিসেবে দেখতে নারাজ সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে তিনি বলেন, “এই পুরো আন্দোলনটাই আসলে সিজন ২। দেশের সরকারের বিরুদ্ধে চতুর্দিকে প্রতিবাদ ছড়িয়ে পড়ছে। সিজেপির তরফ থেকে আমরা এবার একটি দেশব্যাপী ‘লিসেনিং ট্যুর’ (জনগণের কথা শোনার যাত্রা) শুরু করছি, যাতে সাধারণ মানুষের মনের কথা জানা যায়। আগামী স্বাধীনতা দিবস থেকেই এর সূচনা হচ্ছে, যার মূল কেন্দ্রে থাকবে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা।”
প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ
প্রতিবাদের এই নতুন রূপরেখা ঘোষণার পাশাপাশি চাঞ্চল্যকর এক অভিযোগ এনেছেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে। তাঁর দাবি, দিল্লিতে দলের ভলান্টিয়ারদের নিয়ে একটি সাধারণ বৈঠকের আয়োজন করতে গিয়ে তাঁদের মারাত্মক বাধার মুখে পড়তে হয়েছে। একের পর এক হল মালিক বুকিং বাতিল করে দিয়েছেন। কারণ হিসেবে নাকি তাঁদের জানানো হয়েছে যে, এই সভা আয়োজনের ক্ষেত্রে ‘উপর মহল থেকে স্পষ্ট চাপ’ রয়েছে। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে সিজেপি নেতৃত্ব।