‘ওই রকম শয্যাদৃশ্য স্ত্রীর পছন্দ নয়’,-কেন হলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টোটা?

টলিউড থেকে বলিউড— সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার সুবাদে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। সিরিয়াল থেকে শুরু করে কমার্সিয়াল সিনেমা কিংবা ওয়েব সিরিজ, সবেতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ফিটনেসের দিক থেকেও ইন্ডাস্ট্রিতে তাঁর সুঠাম শরীর বরাবরই চর্চায় থাকে। কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে টোটা জানিয়েছেন, স্ত্রীর প্রতি ভালোবাসার টানে তিনি অনায়াসেই হলিউডের একটি বড় প্রজেক্টের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

কেন হলিউডের প্রস্তাব ফিরিয়েছিলেন টোটা?
সাক্ষাৎকারে নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে মুখ খোলেন অভিনেতা। হলিউডের একটি ছবির প্রস্তাব পাওয়ার কথা উল্লেখ করে টোটা জানান, ছবির চরিত্রটি বেশ ভালো হলেও তাতে একটি শয্যাদৃশ্য (Intimate Scene) ছিল।

এই বিষয়ে অভিনেতা বলেন, “আমি পরিষ্কার বলেছিলাম শয্যাদৃশ্য থাকলে আমি করব না। হলিউডের ওই প্যাটার্নের শয্যাদৃশ্য, আমিও পছন্দ করি না, আমার স্ত্রীও পছন্দ করেন না, আমি সেটা করতে পারব না। হয় ওই দৃশ্যটা ছবি থেকে বাদ দাও অথবা আমায় বাদ দাও।” —

“যে কাজ অর্ধাঙ্গিনীকে মনোকষ্ট দেয়, তা করব না”
পেশাদার অভিনেতা হিসেবে অনেকে হয়তো এমন দৃশ্য সাবলীলভাবে করে থাকেন, কিন্তু টোটার কাছে তাঁর পরিবারের সম্মান এবং স্ত্রীর মানসিক শান্তি অনেক বেশি মূল্যবান। অভিনেতা সাফ জানান, “আমি অবশ্য জানি এটা পেশাদার অভিনেতা হিসাবে করাই যায়। কিন্তু যেটা আমার অর্ধাঙ্গিনী পছন্দ করেন না, সেটা আমি কেন করতে যাব? তাঁকে যেটা মনোকষ্ট দেয়, কেন করব সেটা?” ইন্ডাস্ট্রিতে বরাবরই বিতর্কমুক্ত ও নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত টোটা নিজের কাজ ও পরিবারকে নিয়ে থাকতেই ভালোবাসেন। ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।

দীর্ঘ দাম্পত্য ও আগামীর কাজ
অভিনেতার স্ত্রী শর্মিলি সৌন্দর্যে যে কোনো নায়িকাকেও হার মানাতে পারেন। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৪ সালেই তাঁদের বিয়ের রজত জয়ন্তী পূর্ণ হয়েছে। এই বিশেষ দিনে ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে গ্র্যান্ড পার্টিরও আয়োজন করেছিলেন তাঁরা। লাইমলাইট থেকে দূরে রাখেন তাঁদের একমাত্র মেয়েকেও। পেশাদার জীবনে স্বচ্ছতা ও সততা বজায় রেখে চলা এই জাত অভিনেতার ঝুলিতে বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে, যার মধ্যে অন্যতম প্রতীক্ষিত কাজ ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *