পুজোর ছুটিতে বেড়ানোর প্ল্যান? ট্রেনের টিকিট কাটার নিয়ম ও তারিখ নিয়ে বড় আপডেট দিল রেল!

দেখতে দেখতে পুজোর দিনগুলো প্রায় দোরগোড়ায় এসে উপস্থিত। এই উৎসবের মরশুমে বহু মানুষই শহর বা রাজ্যের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আবার অনেকে কলকাতার চেনা ভিড় এড়িয়ে দূরে কোথাও শান্তি খোঁজার চেষ্টা করেন। তবে ভ্রমণপিপাসু বাঙালির কাছে পুজো মানেই বাইরে কাটানোর আনন্দ। কিন্তু এই সময় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া। কারণ সঠিক সময়ে টিকিট না মিললে গোটা ভ্রমণের পরিকল্পনাটাই ভেস্তে যেতে পারে।
ট্রেনের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম ও দিনক্ষণ
সাধারণত আগে যাত্রার চার মাস বা ১২০ দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটার সুযোগ থাকত। তবে রেলের নতুন নিয়মে সেই সময়সীমা কমিয়ে দু’মাস বা ৬০ দিন করা হয়েছে। এবছর পুজোর সময় অর্থাৎ ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে যাঁদের ঘোরাঘুরির পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য রেলের টিকিটের উইন্ডো খোলার তারিখ ঘোষণা করা হয়েছে:
১৪ অক্টোবর (চতুর্থী): এই দিনে যাত্রার পরিকল্পনা থাকলে ১৫ অগস্ট থেকেই টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা। ১৫ অগস্ট সকাল ৮টা থেকে বুকিং উইন্ডো চালু হবে।
১৫ অক্টোবর (পঞ্চমী): পঞ্চমীর দিন যাত্রার জন্য দু’মাস আগে অর্থাৎ ১৬ অগস্ট সকাল ৮টা থেকে টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে।
২১ অক্টোবর (দশমী): এই দিন বা তার আশপাশে যাঁরা ফেরার বা কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা সংশ্লিষ্ট ট্রেনের টিকিট কাটতে পারবেন ২২ অগস্ট থেকে।
স্পেশ্যাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
পুজোর সময় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকায় বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হু-হু করে টিকিট কাটতে শুরু করেন যাত্রীরা। ফলে মুহূর্তের মধ্যেই সমস্ত সংরক্ষিত টিকিট শেষ হয়ে যায়। সাধারণ ট্রেনের টিকিটের এই অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল বিশেষ পদক্ষেপ নিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, অতিরিক্ত ভিড় সামলাতে প্রতি বছরের মতো এবারও পুজোর মরশুমে একাধিক স্পেশ্যাল ট্রেন চালানো হবে। সুতরাং, টিকিট নিয়ে দুশ্চিন্তা এড়াতে নির্দিষ্ট দিনেই বুকিং সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।