মহিলাদের ফ্রি বাস যাত্রায় বড় বদল! জট কাটাতে এবার আনবাস হচ্ছে ‘পিঙ্ক কার্ড’, জানুন আবেদনের সমস্ত নিয়ম

রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর যাতায়াত আরও সহজ ও সুগম করতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ইতিমধ্যেই গত ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি বাস, ভলভো এবং দূরপাল্লার সরকারি বাসেও মিলছে এই বিশেষ সুবিধা। তবে এই ফ্রি বাস যাত্রাকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে এবং যাতায়াতের যাবতীয় জটিলতা এড়াতে এবার চালু করা হচ্ছে ‘পিঙ্ক কার্ড’ (Pink Card)।
কী এই পিঙ্ক কার্ড এবং কাদের জন্য প্রযোজ্য?
এতদিন মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারলেও এবার থেকে এই সুবিধা পেতে সঙ্গে রাখতে হবে নির্দিষ্ট পিঙ্ক কার্ড। এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে:
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
শুধুমাত্র রাজ্যের মহিলারাই এই সরকারি সুবিধার আওতাভুক্ত।
মহিলার ভোটার কার্ড অথবা এসআইআর (SIR) তালিকায় নাম থাকা বাধ্যতামূলক।
যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন বা ভোটার তালিকায় নাম নেই, তারা এই পিঙ্ক কার্ড এবং বিনামূল্যে বাসযাত্রার সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
কীভাবে আবেদন করবেন পিঙ্ক কার্ডের জন্য?
মহিলারা অনলাইনে এবং অফলাইনে—উভয় মাধ্যমেই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন:
অনলাইন পদ্ধতি: পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (https://wb.gov.in/)-এ গিয়ে ‘Pink Card’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে থাকা নির্দিষ্ট ফর্মটি ফিলাপ করে অনলাইনে জমা দিলেই কার্ডের প্রক্রিয়া সম্পন্ন হবে।
অফলাইন পদ্ধতি: শহরের বাসিন্দাদের স্থানীয় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে। অন্যদিকে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক অফিসে (BDO) বা এসডিও (SDO) অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
কোন কোন বাসে মিলবে এই সুবিধা?
রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পের আওতায় যে সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, সেগুলি হলো—
ডব্লিউবিটিসি (WBTC) বাস
এসবিএসটিসি (SBSTC) বাস
এনবিএসটিসি (NBSTC) বাস
সরকারি এসি বাস, ভলভো বাস এবং এক্সপ্রেস বাস।
মহিলাদের সুরক্ষায় এবং যাতায়াতের খরচ কমাতে সরকারের এই ‘পিঙ্ক কার্ড’ ব্যবস্থা এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।