“ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে!” অভয়ার প্রয়াণ দিবসে বিস্ফোরক ও আবেগঘন মন্তব্য মায়ের

অভয়ার স্মরণসভায় মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা রত্না দেবনাথ। মেয়ের জীবনের শেষ মুহূর্তের ভয় ও আতঙ্কের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন তিনি। একইসঙ্গে তিনি জোরালো দাবি করেন যে, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়নি, বরং পরিকল্পিতভাবে খুনই করা হয়েছে।
এদিনের স্মরণসভায় মেয়ের ছোটবেলার নানা মিষ্টি স্মৃতির কথা তুলে ধরেন মা। তিনি জানান, কথা ফোটার পর থেকেই মেয়ে জেদ ধরে বলেছিল, “মা, আমি ডাক্তার হব।” মেয়ের ছোটবেলার পড়াশোনার কথা বলতে গিয়ে তিনি বলেন, রাস্তার ধারে আদর্শলিপি বই কিনে দেওয়ার জন্য ছোট্ট মেয়েটি কীভাবে বায়না করে কেঁদেছিল, তা আজও তাঁর মনে টাটকা। মাত্র চার বছর বয়সেই মাথা ও মাছ দিয়ে বাক্য রচনা করার মতো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল সে।
মেয়ের সাজানো বাগান আর ফোটা ফুলের দিকে তাকিয়ে মা রত্না দেবনাথ আক্ষেপের সুরে বলেন, মেয়ের ফেরার অপেক্ষায় তাঁকে আর রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় না। মেয়ের জন্য না ঘুমিয়ে কাটানো রাতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আজও রাত কাটে, বাকি জীবনও কাটবে।” তবে সবচেয়ে বড় যন্ত্রণার কথা বলতে গিয়ে তিনি জানান, সমাজের ভয়ে বা পরিস্থিতির চাপে আজ নিজের মেয়ের নামটাও তিনি আর মুখে নিতে পারেন না। বিচার চেয়ে চলা এই লড়াকু মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ।