‘সবাই থু থু করছে!’-স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা তুলে নিলেন মেকআপ আর্টিস্ট, করলেন বিস্ফোরক স্বীকারোক্তি!

টলিউডের রাজনীতি এবং ক্ষমতার টানাপোড়েনে ফের এক নতুন মোড়। কিছুদিন আগেই মহিলা মেকআপ শিল্পীর করা শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল জুনিয়র বিশ্বাস ব্রাদার্স খ্যাত স্বরূপ বিশ্বাসকে। ঘটনার ঠিক দুমাসের মাথাতেই ঘটে গেল বড় ভোলবদল। সমস্ত অভিযোগ এবং মামলা তো তুলেই নিলেন ওই মেকআপ শিল্পী, উল্টে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে হাতজোড় করে ক্ষমাও চাইলেন প্রাক্তন ফেডারেশন সভাপতির কাছে!

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? bangla.aajtak.in-এর মুখোমুখি হয়ে টলিউডের অন্দরের বিস্ফোরক সব তথ্য ফাঁস করলেন ওই মহিলা।

‘আমায় ভুল বোঝানো হয়েছিল’

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মেকআপ শিল্পী দাবি করেছেন, তাঁকে কুপ্রস্তাব দেওয়া এবং ভয় দেখানোর নেপথ্যে স্বরূপ বিশ্বাসের নাম বলানোর জন্য প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল। তাঁর কথায়, “আমাকে কেউ বলেছিল যে তোমার বাড়ি এসে স্বরূপ বিশ্বাসের নাম করে থ্রেট দিয়ে গিয়েছে, বেড শেয়ার করতে বলেছে… এগুলো নাকি স্বরূপ বিশ্বাস করিয়েছেন। আমাকে বারবার এই কথা বলায় আমিও বিশ্বাস করেছিলাম।”

তিনি আরও স্পষ্ট জানান, “স্বরূপ বাবু আমার সঙ্গে কোনো বাজে আচরণ করেননি, শ্লীলতাহানিও করেননি। আমি তো স্বরূপ বিশ্বাসকে চিনি না আর তিনিও আমায় চেনেন না।”

৪ জুনের রাতের রহস্য ও পুলিশের অভিযোগ

গত ৪ জুন শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগে সরব হয়েছিলেন ওই মেকআপ আর্টিস্ট। কিন্তু সেই দিনের ঘটনার বয়ান দিতে গিয়ে তিনি জানান, যাঁদের বিরুদ্ধে তাঁর আসল ক্ষোভ ছিল— সেই শান্তনু দে ও বাপি মালাকারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে অন্য এক ব্যক্তির পাল্লায় পড়েন তিনি।

মহিলার অভিযোগ, “আমাকে বারবার প্ররোচিত করা হয়েছিল স্বরূপ বিশ্বাসের নামে অভিযোগ করতে। আমি প্রথমে প্রতিবাদ করে বলেছিলাম, আমি তো স্বরূপবাবুকে চিনি না। কিন্তু ৪ জুন বিকেলের দিকে লিখিত অভিযোগ করে আসার পর রাত ৯টার সময় দেখি স্বরূপ বিশ্বাস গ্রেফতার! আমাকে প্রেশার দেওয়া হচ্ছিল।”

আসল ‘কালপ্রিট’ কারা?

প্রাক্তন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে মামলা তুললেও টলিউডের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই মেকআপ শিল্পী। তাঁর দাবি, গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার ও শান্তনু দে-রা তাঁকে কাজ করতে দেয়নি, পেটে লাথি মেরেছে। বাপি মালাকাররা স্বরূপ বিশ্বাসের নাম ব্যবহার করে ভয় দেখাতো বলে দাবি তাঁর।

ভিডিও বার্তায় নিজের বিবেকের তাড়নায় মামলা তুলে নেওয়ার কথা জানিয়ে ওই মেকআপ শিল্পী বলেন, “সবই হলো, কিন্তু আসল যারা কালপ্রিট, তাদের ধরা হলো না।” স্বরূপ বিশ্বাসের সঙ্গে ভবিষ্যতে কথা বলার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। টলিউডের অন্দরে এই মেকআপ শিল্পীর অবস্থান পরিবর্তনের পর এখন নতুন করে কোন জল গড়ায়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *