‘জামা বদলের জন্য ভোট দেননি রাজ্যবাসী!’ শমীকের এই কড়া বার্তায় কি অস্বস্তিতে দলের একাংশ?

দলকে আরও বেশি বিশুদ্ধ ও শৃঙ্খলাপরায়ণ করে তুলতে এবার কড়া দাওয়াই দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের অন্দরে কোনও রকম বিচ্যুতি বা গোঁজামিল আর বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে শমীকের সাফ বার্তা, মানুষ শুধু রাজনৈতিক দলের প্রতীক বা খোলস বদলানোর জন্য ভোট দেননি, তাঁরা চেয়েছেন মানসিকতার আমূল পরিবর্তন।
দলীয় সূত্রের খবর, সম্প্রতি বিজেপিকে আদর্শগতভাবে আরও পরিচ্ছন্ন ও শক্তিশালী রাখতে কড়া অবস্থান নিয়েছেন রাজ্য সভাপতি। এদিনের একটি বিশেষ বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে শমীক ভট্টাচার্য অত্যন্ত জোরালো ভাষায় বলেন, “রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদল চেয়েছেন।” অর্থাৎ কেবল ক্ষমতার রং পরিবর্তন নয়, দলের নেতাকর্মীদের মানসিকতা ও কার্যকলাপে স্বচ্ছতা আনার ওপরই তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে শৃঙ্খলা রক্ষা এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখাই এখন বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে দলের অন্দরে নানা অসন্তোষ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সামনে এসেছে। সেই সমস্ত দিক মাথায় রেখেই শমীক ভট্টাচার্যের এই কঠোর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দলের যে সমস্ত কর্মী বা নেতৃত্ব সংগঠনের স্বার্থের বাইরে গিয়ে ব্যক্তিগত বা অন্য কোনও সুবিধের পথ বেছে নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে কড়া প্রশাসনিক বা দলীয় পদক্ষেপ করা হতে পারে বলেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।