SIR ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতিকে খুনের হুমকি! পরিবারের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে বড় নির্দেশ

এসআইআর (SIR) প্রক্রিয়ার পর বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালের এক অবসরপ্রাপ্ত বিচারপতির সুরক্ষা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বিচারপতির নিরাপত্তা ও জীবন সংশয়ের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে এবার ওই অবসরপ্রাপ্ত বিচারপতিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। একইসঙ্গে আবেদন পর্যালোচনা করে দ্রুত উপযুক্ত পদক্ষেপ করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে দেশের সর্বোচ্চ আদালত।
সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলার শুনানিতে জানিয়েছে, আবেদনকারী যেহেতু পশ্চিমবঙ্গের এসআইআর-এর অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়িত্বরত এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, তাই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করাই সঠিক পথ হবে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে এই আবেদন খতিয়ে দেখে দ্রুত যথাযথ পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছে বেঞ্চ।
কেন হঠাৎ নিরাপত্তার দাবি?
দায়িত্বপ্রাপ্ত ওই অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্র সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করে তাঁর বাবার জন্য পর্যাপ্ত ও বর্ধিত নিরাপত্তার জোরালো দাবি জানান। আবেদনে উল্লেখ করা হয়েছে, এসআইআর সংক্রান্ত আপিল শুনানির গুরুদায়িত্ব পালন করতে গিয়ে ওই বিচারপতি ও তাঁর পরিবার বর্তমানে চরম হুমকির মুখে পড়েছেন। ট্রাইব্যুনালের কাজকর্মে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যেই এই ভীতিপ্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ।
জানা গেছে, গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালে যাওয়ার পথে একটি রহস্যজনক পথ দুর্ঘটনার মুখে পড়েছিলেন ওই বিচারপতি, যা পূর্বপরিকল্পিত হতে পারে বলে সেসময় পুলিশও অনুমান করেছিল। এরপর তাঁর রাজারহাটের বাড়িতে এবং পরবর্তীতে কলকাতার বাসভবনেও পরপর হুমকি চিঠি পাঠানো হয়। এই ঘটনার পরেই পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হওয়ায় সুপ্রিম কোর্টের দারস্থ হন বিচারপতির পুত্র। এবার শীর্ষ আদালতের এই নির্দেশের পর জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে সকলের।