মাছ-মাংস ভুলে আজই বানান থোড়ের পাতুরি! রইল এক্কেবারে নতুন ও লোভনীয় রেসিপি

বাঙালির চেনা ও পুষ্টিকর সবজির তালিকায় থোড় অন্যতম। তবে প্রতিদিনের একঘেয়ে ভাজা বা ঘন্ট খেয়ে যদি মুখ বিপন্ন হয়, তবে পাতে আনতে পারেন এক অভিনব ও সুস্বাদু পদ— থোড়ের পাতুরি। পাতুরি মানেই যে সবসময় ইলিশ বা ভেটকির হতে হবে, এমন কোনও কথা নেই। আমিষ পদকে গোল দিতে নিরামিষ এই পদটি ট্রাই করতে পারেন অনায়াসেই। রইল থোড় পাতুরির সহজ ও সুস্বাদু রেসিপি।

থোড়ের পাতুরির প্রয়োজনীয় উপকরণ:
কচি থোড়: ১টি

কাঁচালঙ্কা: ৫-৬টি

নারকেল কোরা: ১ কাপ

সর্ষে বাটা: ৩-৪ টেবিল চামচ

সর্ষের তেল: ২ টেবিল চামচ

কলাপাতা: প্রয়োজনমতো (চৌকো করে কাটা)

নুন ও চিনি: স্বাদমতো

রান্নার সহজ প্রণালী:
১. থোড় প্রস্তুত করা: প্রথমে কচি থোড়ের ভেতরের রোঁয়া বা আঁশ ভালোভাবে বাদ দিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে।
২. ভাপিয়ে নেওয়া: কুচানো থোড় সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নিন। এরপর জল ভালো করে ঝরিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে।
৩. মশলা মাখানো: এবার ওই থোড়ের সঙ্গে নারকেল কোরা, সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, স্বাদমতো নুন, সামান্য চিনি এবং সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিন।
৪. পাতা সেঁকে নেওয়া: অন্যদিকে, কলাপাতা চৌকো করে কেটে নিয়ে অল্প আঁচে হালকা করে সেঁকে নরম করে নিন, যাতে মোড়ার সময় ফেটে না যায়।
৫. পাতুরি ভাজা: সেঁকে নেওয়া কলাপাতার গায়ে ভালো করে সর্ষের তেল ব্রাশ করে নিন। এবার মাঝখানে থোড়ের মিশ্রণটি রেখে ওপরে চেরা কাঁচালঙ্কা দিয়ে পাতাটি চারদিক থেকে মুড়ে সুতো দিয়ে বেঁধে বা টুথপিক দিয়ে আটকে দিন।
৬. পরিবেশন: এবার তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে মৃদু আঁচে পাতা মোড়া থোড় এপিঠ-ওপিঠ উল্টে ভালো করে সেঁকে বা শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি দুর্দান্ত সুস্বাদু থোড় পাতুরি। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই আনকোরা পদটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *