‘পশ্চিমবঙ্গ’ নাম বদল নিয়ে জল্পনার অবসান! ঐতিহাসিক কারণ দেখিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে বিগত দীর্ঘদিনের জল্পনা-কল্পনায় অবশেষে ইতি টানল রাজ্য সরকার। অতীতে ‘বাংলা’ বা ‘বঙ্গ’ নামে রাজ্যকে নামকরণের নানা প্রস্তাব সামনে এলেও, বর্তমান সরকার আপাতত সেই পথে হাঁটছে না। ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সরকারি নাম বদলানোর কোনও পরিকল্পনা সরকারের নেই।

কেন নাম বদল করা হচ্ছে না?
ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ’ নামেই রাজ্যকে চিহ্নিত করার পক্ষে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ১৯৪৭ সালের দেশভাগ এবং এই রাজ্য গঠনের রোমহর্ষক ইতিহাস। সরকারের মতে, এই নামের সঙ্গে এমন একটি গৌরবময় ও মর্মান্তিক অধ্যায় জড়িয়ে রয়েছে, যা শুধু প্রশাসনিক বা সুবিধার্থে মুছে ফেলা যায় না।

দেশভাগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন,

“আমরা মন্ত্রিসভায় বসে ঠিক করেছি, এই পশ্চিমবঙ্গ নামটার মধ্যে একটা ব্যাপক ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ, বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল, ১৯৪৭ সালে, সেদিন আমাদের পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল পূর্ব পাকিস্তানে। সেদিন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, পশ্চিমবঙ্গ আইনসভায় ৫৮:২১ ভোটে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় এবং তার ফলেই ‘পশ্চিমবঙ্গ’ সৃষ্টি হয়েছে। তাই যে বিচারধারায় আমরা সরকার চালাই, সেই কঠিন বাস্তব অনুযায়ী পশ্চিমবঙ্গের ‘পশ্চিম’ শব্দটা আমরা কখনও মুছে দিতে পারি না।”

নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করছে সরকার। এমনকি সরকারি আবাস যোজনা বা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও ‘বাংলার বাড়ি’ নাম পরিবর্তন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তা ‘পশ্চিমবঙ্গ আবাস’ নামে পরিচিত হবে বলে জানানো হয়েছে।

অতীতে কী বিতর্ক ছিল?
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতে ইংরেজি বর্ণানুক্রমে (Alphabetical Order) রাজ্যের অবস্থান সবার শেষে চলে যাওয়া এবং জাতীয় স্তরে মিটিং বা বৈঠকে রাজ্যের কথা দেরিতে আসার মতো প্রশাসনিক সমস্যা তুলে ধরে নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

২০১৬ এবং ২০১৮ সালে ‘Bangla’ বা ‘Paschimbanga’ করার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে সমস্ত জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে বর্তমান সরকারের স্পষ্ট বার্তা— প্রশাসনিক ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখে রাজ্যের সরকারি পরিচয় হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ নামই বহাল থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *