বিশ্বজুড়ে চাকরির বাজারে চরম ধস! এআই ও অটোমেশনের জেরে লক্ষাধিক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটা-অ্যামাজনের

বিশ্বজুড়ে চাকরির বাজারে নেমে এল ফের এক বড় ধাক্কা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এআই-এর দ্রুত অগ্রগতি, ব্যবসায়িক পুনর্গঠন এবং সার্বিক খরচ কমানোর পরিকল্পনার জেরে বিশ্বের একাধিক বহুজাতিক সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। অ্যামাজন, মেটা, ওরাকল, ওয়ালমার্টের মতো তাবড় আন্তর্জাতিক সংস্থাগুলি ইতিমধ্যেই ২০২৬ সালে বড় অঙ্কের কর্মী কমানোর ঘোষণা করে আলোড়ন ফেলে দিয়েছে।

ছাঁটাইয়ের নেপথ্যে প্রধান কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, এবারের এই বড় ছাঁটাইয়ের অন্যতম প্রধান অনুঘটক হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবাধ ব্যবহার। বহু সংস্থা মনে করছে, এআই এবং অটোমেশন প্রযুক্তির সাহায্যে কম সংখ্যক কর্মী দিয়েই আগের তুলনায় অনেক দ্রুত ও বেশি কাজ সেরে ফেলা সম্ভব। এর ফলে মানবশক্তির প্রয়োজনীয়তা কমে আসায় বহু ক্ষেত্রে সেই জায়গা দখল করে নিচ্ছে এআই।

তবে সব সংস্থার ক্ষেত্রেই যে একমাত্র কারণ এআই, এমনটা নয়। ব্যবসার ধীর গতি, বাজারের চাহিদার পরিবর্তন, অপ্রয়োজনীয় খরচ ছাঁটাই এবং নতুন কর্পোরেট কৌশল গ্রহণের জন্য বহু কোম্পানি কর্মী সংখ্যা কমিয়েছে। পুরনো ও জটিল কাঠামো সরল করে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগিয়ে যেতে চাইছে এই সংস্থাগুলি।

কোন সংস্থায় কত কর্মী ছাঁটাই হচ্ছে?
বিশ্বের বিভিন্ন নামী সংস্থায় ছাঁটাইয়ের যে দীর্ঘ তালিকা সামনে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

UPS: নেটওয়ার্ক পুনর্গঠন ও খরচ কমাতে প্রায় ৩০,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা।

Oracle: AI গ্রহণ ও ব্যবসায়িক পুনর্গঠনের কারণে প্রায় ২১,০০০ কর্মী, অর্থাৎ মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ ছাঁটাই করা হচ্ছে।

Citi: প্রায় ২০,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

Amazon: কর্পোরেট স্তরে কাজের পরিধি কার্যকর করতে প্রায় ১৬,০০০ চাকরি কমানো হচ্ছে।

Dell: প্রায় ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা।

Estee Lauder: পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১০,০০০ পর্যন্ত চাকরি কমানো হচ্ছে।

British American Tobacco: প্রায় ৯,০০০ পদ বাতিলের পরিকল্পনা।

Heineken: ৫,০০০ থেকে ৬,০০০ কর্মী কমানোর সিদ্ধান্ত।

Visa: AI-ভিত্তিক পরিবর্তনের কারণে প্রায় ২,৬০০ চাকরি কমানো হচ্ছে।

Atlassian: প্রায় ১,৬০০ কর্মী ছাঁটাই করে সেই অর্থ AI-তে বিনিয়োগ বাড়াচ্ছে।

Nike: প্রায় ১,৪০০ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে।

Cloudflare: ১,১০০-র বেশি কর্মী, অর্থাৎ মোট কর্মীর প্রায় ২০ শতাংশ কমানোর ঘোষণা করেছে।

রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, বর্তমানের এই ছাঁটাইয়ের সংখ্যা হয়তো সামনের দিনে এক বৃহত্তর সংকটের মাত্র শুরু। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০টির বেশি সংস্থা সরকারি দপ্তরে কর্মী ছাঁটাই বা কারখানা বন্ধের নোটিস জমা দিয়েছে।

চাকরি কমার নেপথ্যে ৩টি প্রধান কারণ
বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে চাকরি ছাঁটাইয়ের মূল কারণগুলি হলো—
১. AI ও অটোমেশনের দ্রুত ব্যবহার ও নির্ভরতা।
২. বিভিন্ন দেশের সরকারি নীতির পরিবর্তন।
৩. বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও গ্রাহকের চাহিদার আকস্মিক বদল।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) একটি সমীক্ষায় সতর্ক করে জানানো হয়েছে যে, বিশ্বের প্রায় ৪১ শতাংশ সংস্থা আগামী পাঁচ বছরের মধ্যে কেবল AI-এর ব্যবহারের কারণেই কর্মী সংখ্যা আরও ছাঁটাই করার সম্ভাবনা দেখছে। ফলে অদূর ভবিষ্যতে চাকরির বাজারে টিকে থাকতে হলে সাধারণ ডিগ্রির পাশাপাশি উন্নত প্রযুক্তির জ্ঞান ও ‘AI স্কিল’ বা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা যে অত্যন্ত অপরিহার্য হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *