ইলিশের বদলে থলেতে কি সার্ডিন ঢুকছে? ঠকে যাওয়ার আগে ৫ মিনিটে চিনে নিন আসল ইলিশ!

বর্ষার মরসুমে পাতে ইলিশ না থাকলে বাঙালির খাওয়াদাওয়া যেন সত্যিই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু বর্তমান বাজারে ইলিশের জোগান কম আর চাহিদা আকাশছোঁয়া হওয়ার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। চড়া দামে ইলিশ ভেবে বাড়ি এনে রান্না করার পর দেখা যাচ্ছে মাছের সেই মনমাতানো স্বাদ বা গন্ধ কিছুই নেই! মূলত চেহারার মিল থাকায় আসল ইলিশের নামে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সার্ডিন (Sardine) বা চন্দনা মাছ। তবে একটু চোখ-কান খোলা রাখলে এবং কিছু সহজ কৌশল জানা থাকলে এই জালিয়াতি সহজেই ধরে ফেলা সম্ভব।
১. শরীরের গড়ন দেখে চিনুন
আসল ইলিশ চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর শারীরিক গঠন। বাজার করার সময় মাছটির দিকে ভালো করে খেয়াল করুন—
আসল ইলিশ: পেট এবং পিঠ—দুটি অংশই সমানভাবে বাঁকানো থাকে, দেখতে অনেকটা ‘তাঁতের মাকুর’ মতো। পূর্ণবয়স্ক ইলিশ লম্বায় প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
নকল বা সার্ডিন: পেটের দিকটি পিঠের অংশের তুলনায় অনেক বেশি বাঁকা এবং ঢালু হয়। এগুলি আকারে ছোট হয়, সাধারণত দৈর্ঘ্য ৬ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
২. নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকুন
গন্ধ শুঁকে আসল-নকল চেনার কৌশলটি সবচেয়ে কার্যকরী। কাঁচা ইলিশ মাছ নাকের কাছে নিলে একটি মিষ্টি ও নিজস্ব সুবাস পাওয়া যায়, যা বাঙালি মাত্রই এক নিমেষে চিনে নিতে পারেন। কিন্তু সার্ডিন বা চন্দনা মাছে ইলিশের এই চেনা সুবাস বিন্দুমাত্র থাকে না। তাই কেনার আগে গন্ধ পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ।
৩. পাখনা ও লেজের রং লক্ষ্য করুন
খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, সার্ডিন মাছের পিছনের দিকের পাখনা এবং লেজের রং খানিকটা ঘোলাটে বা ময়লাটে হয়। অন্যদিকে, একটি তাজা ও আসল ইলিশের পাখনা এবং লেজ বেশ পরিষ্কার ও সাদাটে দেখায়। এই রঙের তফাত দিয়ে খুব সহজেই দুটি মাছ আলাদা করা যায়।
৪. মাছের শক্তভাব ও টাটকা হওয়া যাচাই করুন
টাটকা ইলিশ মাছ হাত দিয়ে ধরলে তা টানটান ও শক্ত মনে হয়। কিন্তু মাছটি হাতে তোলার পর যদি মাথা ও লেজের দিকটা নিচের দিকে ঢলে বা ঝুঁকে পড়ে, তবে বুঝবেন সেটি বাসি কিংবা দীর্ঘদিন বরফে জমা করে রাখা। বরফ দেওয়া বা বাসি মাছের স্বাদ কখনই আসল ইলিশের মতো হয় না।
সতর্কতা: পরের বার বাজারে গিয়ে এই সহজ উপায়গুলি ধাপে ধাপে মিলিয়ে দেখে তবেই কষ্টের জমানো টাকায় ইলিশ মাছ কিনুন, যাতে বর্ষার জাঁকজমকপূর্ণ ভোজন রসনাে কোনো খাদ না থাকে!