PAC চেয়ারম্যান পদে বড় চমক! তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের মাঝে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব পেলেন কে?

কে হবেন পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান? বিধানসভায় তৃণমূল বিধায়কদের অন্দরে চলা দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের হাতেই যেতে চলেছে বিধানসভার এই অতি গুরুত্বপূর্ণ জন হিসাবরক্ষা কমিটির দায়িত্ব। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
নিয়ম অনুযায়ী, বরাবরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান প্রধান বিরোধী দল থেকেই নির্বাচিত হন। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিরোধী শিবির থেকে জিতে তৃণমূলে যোগ দেওয়া একাধিক নেতার হাতেও এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে কানাইয়ালাল আগরওয়ালের এই পদের জন্য উঠে আসার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কানাইয়ালালের রাজনৈতিক পথচলা
একসময়ের উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে প্রথমবার বিধানসভায় পা রাখেন। তবে এর সামান্য পরেই, ২০১৭ সালে কংগ্রেস শিবির ত্যাগ করে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে তাঁকে পরাস্ত হতে হয়। পরবর্তীতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জোড়াফুল প্রতীকেই জয়ী হন তিনি।
তবে নির্বাচন পরবর্তী সময়ে বিধানসভায় তৃণমূলের অন্দরে বিদ্রোহী বিধায়কদের তালিকায় নাম লেখান কানাইয়ালাল। রাজ্য রাজনীতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা এবং বিধানসভায় ওই শিবিরের সঙ্গেই তাঁর বসার দৃশ্য দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। এবার সেই বিদ্রোহী শিবিরের পরিচিত মুখ হিসেবেই কানাইয়ালাল আগরওয়ালের পিএসি (PAC) চেয়ারম্যান হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ ও জল্পনা শুরু হয়েছে।