ডাবরের মধু, ঘি থেকে নারকেল তেল! এফএসএসআই-এর কড়া পদক্ষেপে কোপ পড়ল কোন কোন জনপ্রিয় পণ্যে?

দেশের শীর্ষ খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI (Food Safety and Standards Authority of India) জনপ্রিয় এফএমসিজি সংস্থা ডাবর ইন্ডিয়ার (Dabur India) একাধিক পণ্যের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই তালিকার মধ্যে রয়েছে সংস্থার বহুল পরিচিত মধু (Dabur Madhu), ঘি থেকে শুরু করে নারকেল তেল ও ভিনিগার। তবে এই পণ্যগুলোর বিক্রি পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে না, বরং এর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি বিশেষ শর্ত। সংস্থা এতদিন যেভাবে তাদের পণ্যগুলোকে ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ বা ‘১০০ শতাংশ অর্গানিক’ বলে দাবি করে আসছিল, এবার থেকে সেই সমস্ত বিভ্রান্তিকর দাবি সরিয়ে ফেলতে হবে। ইতিমধ্যেই এই বিষয়ে ডাবর ইন্ডিয়াকে কঠোর নোটিস পাঠিয়েছে FSSAI।

কী জানিয়েছে FSSAI?
খাদ্য সুরক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, ডাবরের অফিশিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞাপনে বিক্রিত একাধিক খাদ্যপণ্যের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রাকৃতিক, বিশুদ্ধ বা অর্গানিক হওয়ার যে দাবি করা হয়, তা ক্রেতাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই ধরনের ১০০ শতাংশের দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং এর মাধ্যমে সাধারণ গ্রাহকদের ভুল বার্তা দেওয়া হচ্ছে।

কোন কোন পণ্যের ওপর নিষেধাজ্ঞা?
FSSAI-এর নির্দেশিকায় যে সমস্ত খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে, তার তালিকাটি নিম্নরূপ:

মধু (Dabur Honey)

অ্যাপল সিডার ভিনিগার

ভার্জিন নারকেল তেল

তিলের তেল

গরুর ঘি

ডাবের জল

নারকেলের দুধ

কী কী অনিয়ম ধরা পড়েছে?
অবৈধ লোগো ব্যবহার: FSSAI-এর স্পষ্ট দাবি, অ্যাপেল সিডার ভিনিগার এবং ডাবর অর্গানিক হানি-র প্যাকেজিং বা প্রচারে কোনও ধরনের বৈধ FSSAI অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ (Jaivik Bharat) লোগো ব্যবহার করা হয়েছে।

বিধির লঙ্ঘন: ডাবর হোমমেড কোকোনাট মিল্কে ‘১০০ শতাংশ বিশুদ্ধতা’র দাবি করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার মতে, ২০১৮ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস বিধি অনুযায়ী এই ধরনের খাদ্যপণ্যের ক্ষেত্রে এহেন নিশ্চিতকরণ অনুমোদিত নয়।

আগে থেকেই ছিল সতর্কবার্তা
খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, এটি হঠাৎ নেওয়া কোনও পদক্ষেপ নয়। এর আগেও ডাবরকে এই বিষয়ে সতর্ক করে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সংস্থার তরফ থেকে নির্দেশিকা মেনে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ করা হয়নি।

ফলস্বরূপ, FSSAI কড়া নির্দেশ দিয়েছে যে নোটিসে উল্লিখিত পণ্যগুলি তো বটেই, পাশাপাশি ‘১০০ শতাংশ’ দাবিসংযুক্ত অন্য সমস্ত খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে এই নির্দেশ পাওয়ার পর আগামী ১৫ দিনের মধ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার একটি বিস্তারিত অ্যাকশন রিপোর্টও জমা দিতে হবে সংস্থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *