পাঞ্জাবের পেপার লিক কাণ্ড এবার সোজা রাজধানীতে! আপ অফিস ঘেরাও করে কার পদত্যাগ চাইল বিজেপি?

পাঞ্জাবের একাধিক প্রতিযোগিতামূলক ও পর্ষদ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের (Paper Leak) অভিযোগ এবার গড়াল দেশের রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার দিল্লির আম আদমি পার্টি (AAP)-র কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও নেতারা। পাঞ্জাবের ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে বারবার প্রশ্নফাঁসের ঘটনা রোধে ব্যর্থতার অভিযোগ তুলে স্লোগান তোলেন তাঁরা। এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি ও চরম উত্তেজনার সৃষ্টি হয়।
আপের বিরুদ্ধে জোরালো আক্রমণ বিজেপির
দিল্লি বিজেপি সভাপতি হর্ষ মালহোত্রার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের একাধিক সাংসদ ও শীর্ষ নেতারা। বিজেপির অভিযোগ, আম আদমি পার্টি সরকার পাঞ্জাবের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে।
উল্লেখ্য, অতীতে এনডিএ সরকারের আমলেই নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছিল আপ এবং তারা যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভের পাশেও দাঁড়িয়েছিল। আর এবার পাঞ্জাবে একের পর এক পরীক্ষা কেলেঙ্কারির অভিযোগে সেই আপ-কেই কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। বিক্ষোভের জেরে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোট সিং বাইনস এবং স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা।
সিবিআই তদন্তের দাবি আকালি দলের
এদিকে, এই ইস্যুতে পিছিয়ে নেই শিরোমণি আকালি দলও (SAD)। আকালি দলের সংসদ সদস্য হরসিমরত কৌর বাদল পাঞ্জাবে আপ সরকারের আমলে ঘটে যাওয়া ১১টি সম্ভাব্য পরীক্ষা কেলেঙ্কারির সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, পাঞ্জাব টেট (PTET), দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা এবং ফার্মাসি অফিসার নিয়োগ পরীক্ষাসহ মোট ছয়টি বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছে।
অন্যদিকে, কংগ্রেস দলও এই ইস্যুতে মান সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। সব মিলিয়ে বিরোধী দলগুলির সাঁড়াশি আক্রমণে পাঞ্জাবের আপ সরকার বর্তমানে প্রবল রাজনৈতিক চাপের মুখে পড়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভগবন্ত মান প্রশাসন।