Yogi Adityanath Announcement: আর ‘ভাদোহী’ নয়, উত্তরপ্রদেশের এই জেলার নতুন নাম হতে চলেছে ‘সন্ত রবিদাস নগর’

গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার নাম পরিবর্তনের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাণসীর সীর গোবর্ধনপুরে সন্ত গুরু রবিদাস জি মহারাজের জন্মস্থান থেকে এক সামাজিক সম্প্রীতি অভিযানের সূচনা করে তিনি জানান, ভাদোহী জেলার নাম পরিবর্তন করে সরকারিভাবে ‘সন্ত রবিদাস নগর’ রাখা হবে। সন্ত রবিদাস মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিন বারাণসীর অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজ্য সরকার সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্থানে সন্ত গুরু রবিদাস, মহর্ষি বাল্মীকি, বাবাসাহেব ড. ভীমরাও আম্বেদকর সহ সমস্ত মহান ব্যক্তিত্বের মূর্তিগুলির পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে। যে মূর্তিগুলিতে এখনও ছাতা বা সুরক্ষামূলক আবরণ নেই, সেগুলি সরকার নিজ খরচে তৈরি করে দেবে। পাশাপাশি, বিগত সরকারগুলিকে নিশানা করে তিনি বলেন যে পূর্ববর্তী সরকারগুলি মহান ব্যক্তিত্বদের সম্মান জানানোর সিদ্ধান্তগুলি বদলে দিয়েছিল, যা বর্তমান সরকার শুধরে দিচ্ছে।
উল্লেখ্য, সন্ত রবিদাস জি মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গুরু পূর্ণিমা থেকে শুরু হওয়া এই উদযাপন আগামী বছর ২০ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা) পর্যন্ত চলবে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে বারাণসীর শ্রী গোবর্ধনপুর থেকে পবিত্র মাটি ভর্তি ১৩১টি কলস দেশের ২৮টি রাজ্যের ৯৭টি জেলায় পাঠানো হয়েছে। পাশাপাশি, দেশজুড়ে পাঁচ হাজারের বেশি স্থানে সামাজিক সম্প্রীতি বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ত রবিদাসের সাম্য, ভ্রাতৃত্ব এবং দর্শনের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সহ বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।