“নিজেকে ভগবান মনে করা লোকেরাই ইডিয়ট!” নিট ইস্যুতে সংসদে রাহুল গান্ধীর চাঁচাছোলা আক্রমণ, তোলপাড় লোকসভা

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে দিল্লিতে রাস্তার আন্দোলন কিছুটা স্তিমিত হলেও তার আঁচ এখন সোজাসুজি দেশের সংসদে। প্রশ্নফাঁস ইস্যুতে লোকসভায় আজ, বুধবার (২৯ জুলাই) বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন বিরোধিদলীয় নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। নিট পরীক্ষার্থীদের পক্ষে সুর চড়িয়ে তিনি বলেন, “পড়ুয়াদের এই আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রশ্নফাঁসের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের নিয়ে আজ পুরো দেশ গর্বিত।”

এখানেই থামেননি রাহুল। বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে তিনি দাবি করেন, “আজ যদি বিজেপির সাংসদরাও বাড়ি গিয়ে তাঁদের সন্তানদের জিজ্ঞেস করেন, তবে তারাও এই নিট আন্দোলনকে সমর্থন জানাবে। কারণ এই আন্দোলনের পেছনে কোনো ভুল ছিল না।”

‘পড়ুয়া, ইডিয়ট ও অন্ধভক্ত’: রাহুলের যে বয়ানে তোলপাড় সংসদ!
নিজের বক্তব্যের সমর্থনে এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি জানান, পড়ুয়াদের মূল চরিত্র বোঝাতে গিয়ে তিনি ৩টি শ্রেণিতে পুরো বিষয়টিকে ভাগ করেছেন:

পড়ুয়া (Students): যারা নতুন জিনিস শিখতে চায়, সত্যিটা খোঁজে এবং বোঝে যে তারা সব জানে না।

ইডিয়ট (Idiots): এমন এক শ্রেণীর মানুষ যারা মনে করে তারা সবটাই জানে। জ্ঞান নাকি তাদের ভেতর থেকেই উৎপন্ন হয়! এরা অহংকারী, কারও কথা শোনে না এবং নিজেদের ঈশ্বর মনে করে।

অন্ধভক্ত (Blind Followers): যারা চোখ বন্ধ করে এই ‘ইডিয়ট’দের অনুসরণ করে।

অসংসদীয় শব্দের অভিযোগ: রাহুল গান্ধীর মুখে “ইডিয়ট” ও “অন্ধভক্ত”-র মতো শব্দ শোনার পরেই বিজেপির বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ ও হট্টগোল শুরু হয়।

সরব কেন্দ্রীয় মন্ত্রীরা, স্পিকারের হস্তক্ষেপ দাবি রাজনাথ-রিজিজুর
রাহুল গান্ধীর এই বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিণেন রিজিজু। তিনি অভিযোগ করেন, পড়ুয়াদের দোহাই দিয়ে লোকসভায় অসংসদীয় শব্দ ব্যবহার করছেন রাহুল গান্ধী। তিনি যদি এই ধরণের শব্দ ব্যবহার না করতেন, তবে কেউ আপত্তি জানাত না।

অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অনুরোধ জানান, রাহুল গান্ধীর ব্যবহৃত অসংসদীয় শব্দ যেন কার্যবিবরণী থেকে বাদ (Expunge) দেওয়া হয়। একই সঙ্গে এনডিএ (NDA) সাংসদদের শান্ত থেকে বিরোধী দলনেতাকে তাঁর বক্তব্য শেষ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

“দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজ রাস্তায়”
রাহুল গান্ধী স্পষ্ট জানান, প্রথম দিন থেকেই বিরোধী দল কংগ্রেস ও ইন্ডিয়া জোট ছাত্রদের পাশে ছিল। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যখন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তখন গোটা দেশ তাদের লড়াইকে সমর্থন করেছে। সংসদ থেকে নিট পরীক্ষার্থীদের এই ন্যায়বিচারের দাবি আগামী দিনে আরও জোরদার করার বার্তাও দেন বিরোধী দলনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *