বিনোদ কাম্বলির চাঞ্চল্যকর জীবন এবার পর্দায়! আসছে নতুন ওয়েব সিরিজ, সঙ্গে বড় চমক জি ফাইভের

ওটিটি প্রেমীদের জন্য বড় ঘোষণা করল জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ। সম্প্রতি তাদের নতুন কন্টেন্ট স্লেট প্রকাশ করা হয়েছে, যেখানে হিন্দি, বাংলা, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষার একগুচ্ছ নতুন সিরিজ ও সিনেমার ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে নজর কেড়েছে ভারতীয় ক্রিকেটের একসময়ের সেনসেশন বিনোদ কাম্বলির জীবনভিত্তিক ওয়েব সিরিজ ‘কাম্বলি’।
হিন্দি কনটেন্টের ঝুলিতে কাম্বলি ছাড়াও যুক্ত হচ্ছে ‘দ্য স্ক্যাম: লিকড’, ‘কফি কিং’ এবং অভিনেতা আর. মাধবন সঞ্চালিত জনপ্রিয় শো ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’। নস্টালজিয়া উসকে দিয়ে পর্দায় কামব্যাক করছে একসময়ের সাড়া জাগানো ‘জি হরর শো’। পাশাপাশি আসছে হিট ফ্র্যাঞ্চাইজি ‘রংবাজ’-এর চতুর্থ সিজন, যাতে অভিনয় করেছেন মোহিত রায়না ও অরুণোদয় সিং। আরও থাকছে ভূবন অরোরা অভিনীত ‘জানওয়ার ২’ এবং রাজেশ তেলাং ও শিবা চাড্ডা অভিনীত ‘বাকাইতি’-র দ্বিতীয় সিজন। সিনেমা তালিকার মধ্যে রয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, ‘বান্দর’, ‘ভারত ভাগ্য বিধাতা’, ‘পূজা মেরি জান’ এবং ‘সর্বগুণ সম্পন্ন’-এর মতো ছবিগুলি।
দক্ষিণ ভারতীয় কনটেন্টের ক্ষেত্রে তেলুগুতে আসছে নিবেদা থমাসের ‘শ্রীমতী’, শ্রীকান্তের ‘অবজেকশন মাই লর্ড’ এবং টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-র নতুন সিজন। কন্নড় ভাষায় ফিরছে ‘আয়ানা মানে’-এর নতুন সিজন এবং অরিজিনাল তালিকায় যুক্ত হয়েছে ‘বিটকয়েন স্ক্যাম’ ও ‘অপারেশন বাঙ্গারা’। মালয়ালম দর্শকদের জন্য জি ফাইভ নিয়ে আসছে ‘এ কুইন’, ‘মালাবার কাপ’ এবং রাজ্যের প্রথম স্বাধীন র্যাপ ব্যাটল শো ‘কেরালা আন্ডারগ্রাউন্ড’।
বাঙালি দর্শকদের জন্য রয়েছে দারুণ কিছু চমক। জি ফাইভের জনপ্রিয় থ্রিলার ‘শ্বেতকালী’ এবং ‘লালবাজার’-এর নতুন সিজন আসছে খুব শীঘ্রই। এর পাশাপাশি তালিকায় যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন দুটি অরিজিনাল শো ‘আলুর দোষ’ ও ‘প্রিয় বন্ধু’। ‘শ্বেতকালী’-র নতুন সিজনে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে, এবং এর শুটিং শুরু হতে চলেছে চলতি অগাস্ট মাসেই। অন্যদিকে, বিশিষ্ট পরিচালক-অভিনেতা অঞ্জন দত্তের তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে ‘প্রিয় বন্ধু’, যা শোনার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে অনুরাগীদের মধ্যে।