‘ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না’ এই মিথ ভাঙলেন ঋতুপর্ণা-শ্রীময়ী! কাঞ্চন পত্নীর প্রেগনেন্সির গোপন কথা জানতেন কেবল দিদিমণিই

টলিউডে ফের খুশির হাওয়া। গত ২৫ জুলাই সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন, তাঁদের কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। এই নিয়ে দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন মল্লিক, আর তাঁদের নবজাতকপুত্রের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। তবে এই গোটা প্রেগনেন্সি জার্নিটা ছিল একেবারে গোপনীয়। ঘুণাক্ষরেও কেউ টের পাননি যে শ্রীময়ী দ্বিতীয়বার মা হতে চলেছেন। আর এই গোটা সময়টায় গোপনীয়তা রক্ষা করে যেভাবে শ্রীমযীর পাশে দাঁড়িয়েছেন টলিউডের সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত, তা এককথায় নজিরবিহীন।

মিথ ভাঙল ঋতুপর্ণা-শ্রীময়ীর বন্ধুত্ব
সাধারণত টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে চিরকালই গুঞ্জন থাকে যে এখানে কেউ কারও প্রকৃত বন্ধু হতে পারে না। তবে সেই প্রচলিত মিথ বা ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিলেন শ্রীময়ী চট্টরাজ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্রীময়ী বরাবরই ক্যামেরার সামনে ঋতুপর্ণাকে নিজের দিদির মতো ভালোবাসার কথা বলেছেন। তবে দ্বিতীয় সন্তান আসার এই পুরো পথে ঋতুপর্ণা যেভাবে ছায়ার মতো তাঁর পাশে ছিলেন, তা পুত্রসন্তানের জন্মের পর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাঞ্চন পত্নী।

কে সবার আগে জেনেছিলেন শ্রীময়ীর খবর?
শ্রীময়ীর গর্ভবতী হওয়ার খবর ইন্ডাস্ট্রিতে সবার আগে যিনি জেনেছিলেন, তিনি আর কেউ নন— ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথম সন্তান খুব ছোট হওয়ায় দ্বিতীয়বার মা হওয়ার খবর শুনে স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন শ্রীময়ী। সেই কঠিন সময়ে বড়দিদির মতো শ্রীময়ীকে মনে জোর জুগিয়েছিলেন ঋতুপর্ণা। তিনি বারবার বুঝিয়েছিলেন, নেতিবাচক চিন্তা না করে ঈশ্বরপ্রদত্ত এই আশীর্বাদকে হাসিমুখে গ্রহণ করতে। শ্রীময়ীর মতে, গোটা ৯ মাস এই খবর কাকপক্ষীকেও টের পেতে দেননি ঋতুপর্ণা।

৯ মাসের সাধ ও অদেখা ছবি প্রকাশ
পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরেই নিজের সোশ্যাল পেজে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন শ্রীময়ী, যেগুলি এতদিন সকলের চোখের অন্তরালেই ছিল। ছবিগুলিতে দেখা যাচ্ছে, অত্যন্ত যত্ন করে হবু মাকে নিজহাতে সাধ খাওয়াচ্ছেন ঋতুপর্ণা।

ছবির ক্যাপশনে শ্রীময়ীর অকপট স্বীকারোক্তি, ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অনেক থাকলেও প্রকৃত বন্ধু পাওয়া কঠিন। তবে ঈশ্বর তাঁকে এমন একজন ‘বেস্ট ফ্রেন্ড’ দিয়েছেন যিনি রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি আপন। প্রতিটি পদক্ষেপে শ্রীময়ীকে আগলে রাখা এবং নিখাদ ভালোবাসা দিয়ে ঋতুপর্ণা প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু একজন সফল অভিনেত্রীই নন, বরং অত্যন্ত বড় মনের একজন মানুষও বটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *