লাখ টাকার মঞ্চে জয়া আহসানের দুর্দান্ত নাচ! জুলাই ফিনালেতে আসছে এক লক্ষ টাকার ধামাকা

সিনে পর্দায় দর্শক মাতানোর পর এবার ছোটপর্দার রিয়েলিটি শো-তেও বড় চমক নিয়ে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বহুল আলোচিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র সাফল্যের মাঝেই এবার তিনি অতিথি হিসেবে পা রাখতে চলেছেন জনপ্রিয় নন-ফিকশন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে। দেখতে দেখতে জুলাই মাসের শেষের ফিনালেতে এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হতে চলেছে আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায়।

চ্যানেল সূত্রে খবর, শ্যুটিং সেটে উপস্থিত থেকে নিজের প্রাণবন্ত উপস্থিতি ও মনোমুগ্ধকর পারফরম্যান্সে সকলের মন জয় করেছেন জয়া। ‘আমি মিস ক্যালকাটা’ এবং ‘সোহাগ চাঁদ’ গানের সঙ্গে তাঁর দুরন্ত নাচ মঞ্চের উত্তাপ বাড়িয়ে দেবে বহুগুণ। পাশাপাশি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও শোয়ের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার জমজমাট আড্ডা, খুনসুটি এবং নানা মুহূর্ত দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে। শুধু বিনোদনই নয়, এই বিশেষ পর্বে চার প্রতিযোগীর জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনে তাঁদের উৎসাহিতও করবেন এই জনপ্রিয় অভিনেত্রী।

মহিলাদের স্বপ্নপূরণ ও স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে সান বাংলার এই শো এখন পাঁচ রাউন্ডের নতুন ফরম্যাটে সম্প্রচারিত হচ্ছে। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’ কিংবা নতুন সংযোজন ‘টাকার গদি’—প্রতিটি রাউন্ডেই নগদ পুরস্কারের সুযোগ এবং ফাইনাল বিজয়িনীর জন্য এক লক্ষ টাকার ক্যাশ প্রাইজ থাকায় এই শো এখন দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। জুলাই মাসের এই মেগা ফিনালে পর্বটি দেখতে চোখ রাখুন আগামী ৩১ জুলাই, ঠিক সন্ধ্যা ৭টায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *