প্রেম করছেন স্বস্তিকা? জন্মদিনে কাকে ‘সবচেয়ে প্রিয় মানুষ’ বললেন অভিনেত্রী?

টলিপাড়ায় ‘ঠোঁটকাটা’ ও স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবন এবং প্রেমের সমীকরণ নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। খুব কম বয়সে বিয়ে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং সিঙ্গল মাদার হিসেবে মেয়ে অন্বেষাকে একা মানুষ করা— সব মিলিয়ে স্বস্তিকার জীবন বরাবরই চর্চায় থেকেছে। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত বা জিৎ— নিজের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি, কখনও কোনো লুকোছাপা করেন না। নিজেকে সিঙ্গল দাবি করলেও, সম্প্রতি অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি আবারও সম্পর্কে জড়ালেন স্বস্তিকা?

শুক্রবার (২৫ জুলাই) ছিল স্বস্তিকার জীবনের এক বিশেষ মানুষের জন্মদিন। সেই বিশেষ মানুষটিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় আদুরে ও উষ্ণ শুভেচ্ছা বার্তা লিখেছেন অভিনেত্রী। পোস্ট করা একাধিক মিরর সেলফি ও সাধারণ সেলফিতে স্বস্তিকাকে সেই ব্যক্তির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ট ও সাবলীল ভঙ্গিতে দেখা গিয়েছে।

জন্মদিনের সেই পোস্টে স্বস্তিকা লিখেছেন, “তোমার জন্মদিনের জন্য ১২ ঘণ্টা সময় লাগলো একটা যথাযথ ও অর্থহীন ক্যাপশন খুঁজতে। শুভ জন্মদিন সৌম্য। তুমি যেমন দয়ালু ও যত্নশীল একজন কুকুর-প্রেমী, তেমনই থেকো (এটা কিন্তু খুব জরুরি)—আর আজ কিন্তু একদমই মন খারাপ বা খিটখিটে মেজাজে থাকা চলবে না।” শুধু তাই নয়, পোস্টে অভিনেত্রী আরও লেখেন, “তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আবার ফুলকিরও সবচেয়ে প্রিয় মানুষ। অনেক অনেক আদর আর ভালোবাসা তোমার জন্য।” পোস্টের একেবারে শেষে স্বস্তিকার সংযোজন, “আজ রাতে আমি আসছি বুক ভরা ভালোবাসা নিয়ে।”

কে এই সৌম্য বল?

স্বস্তিকার এই বিশেষ মানুষটির নাম সৌম্য বল। পেশাগতভাবে তিনি কী করেন বা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট না হলেও, তিনি যে স্বস্তিকার জীবনের অত্যন্ত কাছের কেউ, তা অভিনেত্রীর এই পোস্ট থেকেই পরিষ্কার। এর আগেও সৌম্যর সঙ্গে পাহাড়ে বেড়াতে যেতে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। যদিও তাঁদের ঠিক কী ধরনের সম্পর্ক, সে বিষয়ে অভিনেত্রী নিজে স্পষ্ট করে কিছু জানাননি।

প্রসঙ্গত, মাত্র ১৮ বছর বয়সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয়েছিল স্বস্তিকার। কিন্তু মাত্র দু’বছরের মধ্যেই সেই সম্পর্কে ফাটল ধরে। দুধের শিশু অন্বেষাকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি এবং নিজের কেরিয়ারের পাশাপাশি একা হাতে মেয়েকে বড় করে তোলেন। এর মাঝে টলিপাড়ায় জিৎ, পরমব্রত, সৃজিত, সুমনের মতো নামী ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা নিজেই জানিয়েছিলেন যে, তিনি জীবনে মোট ছ’টি সম্পর্কে জড়িয়েছেন এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও সম্পর্কে জড়াতে তাঁর কোনো আপত্তি নেই। এখন দেখার, এই নতুন জল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা সৌম্য বলের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে মোড় নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *