ডিইউ-তে চান্স পেলেই কি মিলবে হোস্টেল? হাজার হাজার ছাত্রছাত্রীর লড়াইয়ে আসন পেতে মানতে হবে কোন নিয়মগুলি?

প্রতি বছর দেশজুড়ে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পা রাখে দিল্লি বিশ্ববিদ্যালয়ে (ডিইউ)। ভিন রাজ্য বা অন্য শহর থেকে আসা এই তরুণ-তরুণীদের কাছে নিরাপদে থাকার জন্য হোস্টেলই সবচেয়ে পছন্দের ও সুবিধাজনক বিকল্প। তবে বাস্তবের ছবিটা বেশ কঠিন, কারণ ডিইউ-এর সমস্ত কলেজে হোস্টেল বা ছাত্রাবাসের সুবিধা নেই এবং যেখানে এই ব্যবস্থা রয়েছে, সেখানেও সিটের সংখ্যা অত্যন্ত সীমিত। ফলে প্রতিটি পড়ুয়ার জন্য পছন্দমতো হোস্টেল খুঁজে পাওয়া রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। তাই ভর্তির আবেদন করার আগেই হোস্টেল পাওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্দিষ্ট আসন সংখ্যা এবং বরাদ্দের সঠিক নিয়মাবলি জেনে রাখা অত্যন্ত জরুরি।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ডিইউ-এর সব কলেজ মিলিয়ে হোস্টেলের মাত্র ৪,০০০-এর কাছাকাছি আসন রয়েছে, যার মধ্যে ২,৮৫৯টি রয়েছে কেন্দ্রীয় ছাত্রাবাসে। হিন্দু কলেজ, হংসরাজ কলেজ, রামজাস কলেজ, কিরোরি মাল কলেজ, শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি), মিরান্ডা হাউস, দৌলত রাম কলেজ, ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন (আইপিসিডব্লিউ) এবং দীনদয়াল উপাধ্যায় কলেজের মতো কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানেই কেবল ছাত্রাবাসের সুবিধা মিল, পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি কেন্দ্রীয় ছাত্রাবাস। আসনসংখ্যা কম থাকায় তীব্র প্রতিযোগিতায় কেবলমাত্র যোগ্য ও মেধাবী ছাত্রছাত্রীরাই এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে।
কীভাবে বরাদ্দ করা হয় হোস্টেল?
বিশ্ববিদ্যালয় বা কোনো নির্দিষ্ট কলেজে ভর্তি নিশ্চিত হয়ে গেলেই যে হোস্টেল মিলে যাবে, এমনটা নয়। কলেজ বা বিভাগে ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীদের হোস্টেলের জন্য সম্পূর্ণ আলাদাভাবে আবেদন করতে হয়। প্রতিটি কলেজের নিজস্ব নিয়মকানুন, যোগ্যতার মানদণ্ড, ফি এবং পৃথক আবেদন প্রক্রিয়া রয়েছে। সাধারণত মেধা তালিকা, সরকারি সংরক্ষণ নীতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নির্দেশিকা মেনেই কলেজগুলি হোস্টেল বরাদ্দ করে থাকে।
নথি যাচাই ও ইন্টারভিউ পর্ব
আবেদনের চূড়ান্ত ধাপ হিসেবে বাছাই করা শিক্ষার্থীদের সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এমনকি কিছু কিছু কলেজ ভর্তির আগে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের ব্যবস্থাও করে থাকে। তাই হোস্টেল পাওয়ার প্রক্রিয়ায় শেষ মুহূর্তে কোনো ধরনের ঝামেলা এড়াতে শিক্ষার্থীদের সবসময় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।