‘শুভেন্দুর সঙ্গে তুলনা করবেন না!’ আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আর্জি একপ্রকার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একটি নির্দিষ্ট মামলায় ইতিপূর্বে রক্ষাকবচ পেলেও, এবার রাজ্যজুড়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর ক্ষেত্রে নতুন করে সুরক্ষার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আপাতত সেই আর্জি মঞ্জুর করল না আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের স্পষ্ট নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা বিভিন্ন এফআইআর-এর উপর আপাতত কোনো রক্ষাকবচ দেওয়া হচ্ছে না।
আদালতে কী উঠে এল শুনানিতে?
রাজ্যজুড়ে বিভিন্ন থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। এর আগে আদালত জানতে চেয়েছিল যে সাংসদের বিরুদ্ধে মোট কতগুলি মামলা বা এফআইআর রয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয় যে, বর্তমানে মোট আটটি এফআইআর রয়েছে।
এই মামলাগুলির ক্ষেত্রে আলাদা করে আইনি সুরক্ষা বা রক্ষাকবচ প্রার্থনা করেন অভিষেকের আইনজীবী তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তবে আদালত সেই আর্জি তৎক্ষণাৎ শুনতে নারাজ হয়। এমনকি আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অন্তত সাময়িক রক্ষাকবচ দেওয়ার আবেদন জানানো হলেও আদালত তা মঞ্জুর করেনি। বিচারপতির বক্তব্য, ইতিপূর্বেই আদালত দুটি মামলার ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এখনই কোনো সুরক্ষা দেওয়া সম্ভব নয়। আগামী বৃহস্পতিবার সমস্ত মামলা একসঙ্গে শুনে তবেই রক্ষাকবচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ ও আদালতের মন্তব্য
শুনানিকালে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বারবার অতীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনেন। তিনি সওয়াল করেন যে, শুভেন্দু যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় আদালতের নির্দিষ্ট নির্দেশ ছিল যে তাঁর বিরুদ্ধে কোনো এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
আইনজীবীর এই তুলনা টানার পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত স্পষ্ট ভাষায় তা খারিজ করে নির্দেশ দেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মামলার তুলনা করবেন না।” আগামী বৃহস্পতিবার ফের এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আদালতের সেই রায়ের দিকেই এখন রাজনৈতিক মহলের নজর আটকে রয়েছে।