এটিএম কার্ড মেশিনে ঢোকাতেই কীভাবে মিলছে টাকা? জানুন এর পেছনের অবিশ্বাস্য প্রযুক্তি!

আজকাল অনলাইন পেমেন্টের রমরমা বাজার সত্ত্বেও এটিএম বা ডেবিট কার্ডের গুরুত্ব বিন্দুমাত্র কমে নি। প্রয়োজনে টাকা তোলা বা জমা দেওয়ার জন্য আজও ভরসা সেই প্লাস্টিক কার্ডই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মেশিনে কার্ডটি ঢোকানোর সঙ্গে সঙ্গেই সেটি কীভাবে আপনার সমস্ত তথ্য চিনতে পারে? এর নেপথ্যে কাজ করছে এক তাক লাগানো প্রযুক্তি।

এটিএম কার্ডে কী কী তথ্য থাকে?

সাধারণত একটি কার্ডের ওপরে আমাদের নাম, কার্ড নম্বর ও মেয়াদ শেষ হওয়ার তারিখ স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে এর আসল তথ্য লুকিয়ে থাকে কার্ডে থাকা একটি ছোট চিপ বা পেছনের ম্যাগনেটিক স্ট্রিপে। এখানে কার্ড নম্বর, ব্যাংক শনাক্তকরণ কোড এবং কিছু গোপনীয় নিরাপত্তা তথ্য সংরক্ষিত থাকে। অবাক করার মতো বিষয় হলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ বা আসল ব্যালেন্স কিন্তু সরাসরি কার্ডে থাকে না।

ম্যাগনেটিক স্ট্রিপ থেকে আধুনিক ইএমভি চিপ

পুরোনো দিনের কার্ডে কালো রঙের যে চৌম্বকীয় রেখা বা ম্যাগনেটিক স্ট্রিপ দেখা যেত, কার্ড সোয়াইপ করার সময় মেশিন সেটি পড়ে ডেটা সংগ্রহ করত। তবে প্রযুক্তির হাত ধরে এখনকার কার্ডগুলোতে আসছে ক্ষুদ্র কম্পিউটারের মতো কাজ করা ‘ইএমভি’ চিপ। এই চিপটি প্রতিটি লেনদেনের সময় একটি সম্পূর্ণ নতুন ও অনন্য নিরাপত্তা কোড তৈরি করে। ফলে পুরোনো দিনের মতো কার্ড ক্লোন করা বা জালিয়াতির ঝুঁকি এখন প্রায় নেই বললেই চলে।

মেশিন কীভাবে কার্ড ও পিন শনাক্ত করে?

এটিএম মেশিনে কার্ড প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই তার চিপ বা স্ট্রিপ থেকে সমস্ত ডেটা চলে যায় ব্যাংকের সেন্ট্রাল সার্ভারে। সার্ভার নিশ্চিত হওয়ার পরই কার্ডটি সক্রিয় কি না তা যাচাই করে পিন নম্বর চাওয় হয়। আপনি যখন গোপন পিনটি টাইপ করেন, তখন সেই ডেটা কঠোর এনক্রিপশনের মাধ্যমে ব্যাংকে পৌঁছায়। ব্যাংক পিন সঠিক বলে অনুমোদন দিলেই কেবল টাকা তোলার অনুমতি দেয় মেশিনটি।

একাধিক স্তরের এই সুরক্ষাবলয় এবং রিয়েল-টাইম ভেরিফিকেশনের জন্যই আমাদের কষ্টার্জিত জমানো টাকা এটিএম কাউন্টারে থাকে সুরক্ষিত। তাই পরের বার কার্ড ব্যবহারের সময় বুঝবেন, নেপথ্যে কাজ করছে এক নিখুঁত প্রযুক্তিগত জাল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *