ছোটবেলার সেই অবহেলাই কি ডেকে আনছে বার্ধক্যের পঙ্গুত্ব? চমকে দেবেনা এই গবেষণা!

ছোটবেলার সঙ্গে কি বৃদ্ধ বয়সের কোনো গভীর সম্পর্ক রয়েছে? ছোটবেলায় তৈরি হওয়া কোনো শারীরিক সমস্যা বা খারাপ স্মৃতি কি মানসিক পরিবর্তন ঘটিয়ে সুদূর বৃদ্ধ বয়স পর্যন্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে?
এই সমস্ত কারণ ছাড়াও একটি বড় সমস্যা মধ্যবয়স বা বার্ধক্যে মাথাচাড়া দিতে পারে। ছোটবেলা অনেক পেছনে ফেলে আসার পরেও তার এক সুপ্ত প্রভাব জন্ম দিতে পারে ঘরে ঘরে বাড়তে থাকা গুরুতর কিছু রোগের।
বিশেষজ্ঞদের মতে, প্রধান সমস্যাটি জড়িয়ে রয়েছে মানুষের হাড়ের স্বাস্থ্য ও ত্বকের সঙ্গে। রিউমাটয়েড আর্থারাইটিস (Rheumatoid Arthritis) একধরনের বাত, যা শরীরের নানা অঙ্গকে বেঁকিয়ে দিতে পারে, অসাড় করে তুলতে পারে এবং নাড়ার ক্ষমতা কেড়ে নিয়ে পঙ্গুত্ব ডেকে আনতে পারে। পাশাপাশি মাথাচাড়া দিতে পারে পোরিয়াসিস (Psoriasis)-এর মতো সমস্যাও।
কিন্তু মধ্যবয়স বা বার্ধক্যে হানা দেওয়া এই রোগগুলির সঙ্গে ছোটবেলার কী সম্পর্ক? বারমিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, ছোটবেলায় যারা চরম অবহেলায় বড় হন কিংবা পারিবারিক অশান্তির শিকার হন, পরবর্তী জীবনে তাঁদের শরীরে এই ধরনের গুরুতর সমস্যা বাসা বাঁধতে পারে।
একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে দীর্ঘ ২৬ বছর ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে গবেষকরা এই চাঞ্চল্যকর সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আপাতদৃষ্টিতে অবাস্তব মনে হলেও, ছোটবেলার পারিবারিক পরিবেশ ও মানসিক যন্ত্রণার সঙ্গে জীবনের শেষভাগের জটিল রোগগুলির যে গভীর যোগসূত্র রয়েছে, তা গবেষণায় স্পষ্ট হয়ে উঠেছে।