গলায় জুতোর মালা, খালি গায়ে রাস্তায় গড়াগড়ি! তৃণমূল নেতাকে চরম হেনস্তা বারাসতে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

ডিম ছোড়ার ঘটনার পর এবার রাজ্য রাজনীতিতে নতুন সংযোজন হিসেবে সামনে এল কান ধরে ওঠবস করানোর চাঞ্চল্যকর দৃশ্য। উত্তর ২৪ পরগনার বারাসতে এক তৃণমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় খালি গায়ে গলায় জুতোর মালা পরিয়ে ওঠবস করানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত সহ গোটা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঠিক কী ঘটেছিল বারাসতে?
স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও (যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) অনুযায়ী, মঙ্গলবার বারাসতের নবপল্লী চন্দনপুরের তৃণমূল নেতা আবুল হাসানকে রাস্তার ওপরে খালি গায়ে ও হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ঘিরে ধরেন সাধারণ মানুষ। ভিডিওতে দেখা গিয়েছে, ওই তৃণমূল নেতাকে প্রথমে কান ধরে ওঠবস করানো হয় এবং পাশ থেকে কেউ নির্দেশ দিচ্ছেন, “কান ধরে ওঠবস করার পর রাস্তায় গড়াগড়ি কর।” সেই নির্দেশমতো সম্পূর্ণ নীরবে রাস্তার ওপরে খালি গায়ে গড়াগড়ি দেন ওই নেতা। এরপর তিনি উঠে দাঁড়ালে তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয় এবং পুনরায় তাঁকে চারদিকে ঘুরে ঘুরে কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়।
চারপাশে বহু মানুষ ভিড় করে থাকলেও কাউকে বা ওই নেতাকে কোনো ধরনের প্রতিবাদ করতে দেখা যায়নি। এলাকার বাসিন্দাদের তীব্র অভিযোগ, বিগত ১৫ বছরের তৃণমূল জমানায় ওই নেতা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে তোলাবাজি করতেন এবং বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর অকথ্য মারধর ও অত্যাচার চালাতেন।
কী বলছে রাজনৈতিক মহল?
এই নজিরবিহীন ঘটনা প্রসঙ্গে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার মন্তব্য করেছেন, “গত ১৫ বছর ধরে তৃণমূলের শাসনকালে আবুল হাসান সাধারণ মানুষের উপর ভয়াবহ অত্যাচার চালিয়েছেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তবে আমরা কাউকে প্রকাশ্যে আইন হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করি না। দলের পক্ষ থেকেও আমাদের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আইন নিজের হাতে না নিতে। আজকের এই ঘটনায় আমাদের দলের কেউ বিন্দুমাত্র জড়িত নন, এটি সম্পূর্ণ সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ।”
ক্রমশ ঘনীভূত হচ্ছে রাজনৈতিক অস্থিরতা
উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই বিভিন্ন স্থানে তৃণমূল নেতাদের নিশানা করে কাঁচা ডিম ছোঁড়ার ঘটনা নতুন মাত্রা নিয়েছে। গত ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়া হয়। এরপর থেকেই জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ডিম ছোঁড়ার প্রবণতা ও জনরোষের ছবি সামনে আসছে। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিলেও শাসকদলের নেতাদের নিশানা করার ঘটনা থামছে না।
ডিম ছোঁড়ার পাশাপাশি সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে এক পঞ্চায়েত প্রধানকে প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবস করানোর ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছিল। আর এবার ঠিক একই কায়দায় বারাসতের মাটিতে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করানোর এই নতুন ভিডিও প্রকাশ্যে আসায় রাজ্যের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছে।