‘আপদগুলো বিদায় নিয়েছে, আমরা বেঁচে গেছি!’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের পাশাপাশি কাদের একহাত নিলেন মমতা?

দলের অন্দরে দড়ি টানাটানি এবং ‘আমরা-ওরা’ সংঘাতের আবহের মধ্যেই এবারে দু’দুটি ভিন্ন মঞ্চে পালিত হলো একুশে জুলাই। এদিন কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি হওয়া মঞ্চ থেকে একেবারে রণংদেহী মেজাজে বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি দলের বিদ্রোহী শিবিরকেও কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপি এবং দলের বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। কোনোভাবেই যেন বিদ্রোহীদের আর দলে ফিরিয়ে নেওয়া না হয়, খোদ নেত্রীর কাছে এমন জোরালো দাবি জানান অভিষেক। শেষ পর্যন্ত মঞ্চ থেকেই অভিষেকের সেই অনুরোধ সম্পূর্ণ রক্ষা করেন মমতা।
‘নকল তপস্বী না হয়ে বিজেপিতে যান’: মমতা
এদিনের মঞ্চ থেকে বিদ্রোহীদের সরাসরি বিজেপিতে চলে যাওয়ার পরামর্শ দিয়ে মমতা সাফ জানিয়ে দেন, “নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান।” এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আরও বলেন, “আমরা বেঁচে গিয়েছি। চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে। না, নেব না। একদম নেব না। আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে।”
পালটা খোঁচা ঋতব্রত-মদন শিবিরের
অন্যদিকে, এই পরিস্থিতিতে থেমে নেই বিরোধীদের বা বিদ্রোহী শিবিরের আক্রমণও। এককালের মমতার ছায়াসঙ্গী মদন মিত্রের গলায় শোনা যায় তীব্র কটাক্ষের সুর। অভিষেককে নিশানা করে তিনি বলেন, “মমতার ক্ষমতা থাকে তো হেঁটে আসুন। কেউ ডিম ছুঁড়বে না। আপনি আসুন। একবারও দলের কথা ভাবলেন না? অভিষেক এক ঘণ্টা টাইম দিয়েছে আপনি অভিষেকের হাত ছেড়ে দিন আমরা আপনার সঙ্গে আছি।” সব মিলিয়ে একুশে জুলাইয়ের মঞ্চকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ ও সংঘাত এখন চরম রূপ নিয়েছে।