“আগে সব নো নো ছিল, এবার ইয়েস ইয়েস হবে!” বিমানবন্দর ও পরিবহন নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

কসবায় পরিবহণ দফতরের এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পরিবহণ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাস পরিষেবা বৃদ্ধি থেকে শুরু করে কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি, মেট্রো প্রকল্প এবং একাধিক নতুন বিমানবন্দর তৈরির বড়সড় পরিকল্পনার কথা জানান তিনি।

পরিবহণ কর্মীদের বেতন বৃদ্ধি ও নতুন বাস
কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি: আগের সরকার শুধুমাত্র চালকদের বেতন বাড়ালেও বর্তমান সরকার এসে কন্ডাক্টরদেরও বেতন বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী অগাস্ট মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে।

নতুন বাস সংযোজন: ৪০০টি বাসের জন্য টেন্ডার ডাকলেই দ্রুত অর্থ বরাদ্দ করা হবে। এছাড়া মার্চ ২০২৭ সালের মধ্যে রাজ্যে ১,০০০টি নতুন বাস নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শৌর্যের প্রতীক হিসেবে নতুন গেরুয়া রঙের বাস চালুর উদ্যোগকেও সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী।

ইলেকট্রিক বাস ও চার্জিং স্টেশন: পরিবেশবান্ধব পরিবহণে জোর দিয়ে রাজ্যে আরও ইলেকট্রিক বাস আনা হচ্ছে। যার ৬০ শতাংশ খরচ দেবে কেন্দ্র এবং ৪০ শতাংশ বহন করবে রাজ্য। পাশাপাশি তিনটি নিগমের বিভিন্ন ডিপোতে চার্জিং স্টেশন ও পরিকাঠামো গড়ে তোলা হবে।

মেট্রো ও জলপথ পরিবহণে বড় আপডেট
চিংড়িহাটা জট সমাধান: যে সমস্যার সমাধান বিগত সরকার ১৭ মাসেও করতে পারেনি, বর্তমান সরকার মাত্র ১৭ দিনেই তা সমাধান করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

সিটি মেট্রো ও ওয়াটার মেট্রো: ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবি (ADB)-র সঙ্গে আলোচনা করে নতুন প্রকল্প চালুর জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে সিটি মেট্রো পরিষেবা চালুর ইচ্ছাপ্রকাশের পাশাপাশি রাজ্য সরকার খুব শীঘ্রই ওয়াটার মেট্রো প্রকল্পেও যুক্ত হতে চলেছে।

আকাশপথের পরিকাঠামো ও বিমানবন্দর সংক্রান্ত ঘোষণা
গণপরিবহন ও মেট্রোর পাশাপাশি আকাশপথের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু গণপরিবহন বা মেট্রো নয়, আকাশপথেও সমান গুরুত্ব দিচ্ছি।”

নতুন ডমেস্টিক বিমানবন্দর: বালুরঘাট, মালদা এবং পুরুলিয়ায় ডোমেস্টিক বিমানবন্দর তৈরির জন্য ভারত সরকার অর্থ দিতে রাজি হয়েছে।

কল্যাণীতে গ্রিনফিল্ড বিমানবন্দর: এছাড়া খুব শীঘ্রই কল্যাণীতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলা হবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে তৎকালীন সরকারের অসহযোগিতার কারণে বহু প্রজেক্ট আটকে গিয়েছিল এবং ইউরোপের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখেই সমস্ত প্রজেক্টে সবুজ সঙ্কেত দিচ্ছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *