ওপেনএআই-এর নতুন CTO ‘কম্পিউট’ উদয় রুদ্ররাজু! হায়দরাবাদের ছেলের মুকুটে নতুন পালক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতের শীর্ষ সংস্থা ওপেনএআই (OpenAI)-তে বড় পদোন্নতি পেলেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি বিশেষজ্ঞ উদয় রুদ্ররাজু। সংস্থাটি তাঁকে তাদের ‘চিফ টেকনোলজি অফিসার (CTO) অফ কম্পিউট’ হিসেবে নিয়োগ দিয়েছে। যোগদানের মাত্র এক বছরের মাথায় তাঁর এই পদোন্নতি প্রযুক্তি মহলে রীতিমতো সাড়া ফেলেছে।

হায়দরাবাদ থেকে সিলিকন ভ্যালি জয়:
হায়দরাবাদের চৈতন্য ভারতী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন উদয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আমাজন ওয়েব সার্ভিসেস, ইবে (eBay) এবং রবিনহুডের মতো সংস্থায় কাজ করেছেন। এলন মাস্কের নেতৃত্বাধীন xAI-তে থাকাকালীন ‘কোলোসাস’ (Colossus) নামক এআই সুপারকম্পিউটার তৈরির ইনফ্রাস্ট্রাকচার টিমের প্রধান হিসেবে তিনি নজর কেড়েছিলেন। সেই অভিজ্ঞতাই তাকে আজ ওপেনএআই-এর মতো সংস্থার মূল চালিকাশক্তিতে পরিণত করেছে।

কেন এই পদটি গুরুত্বপূর্ণ?
এআই মডেল তৈরির জন্য বর্তমানে বিপুল পরিমাণ কম্পিউটিং পাওয়ার প্রয়োজন। ডাটা সেন্টার, নেটওয়ার্কিং, স্টোরেজ এবং হাজার হাজার স্পেশালাইজড চিপের সঠিক ব্যবহার নিশ্চিত করা এই পদের মূল চ্যালেঞ্জ। সামান্য প্রযুক্তিগত ত্রুটি বা নেটওয়ার্ক বিভ্রাট পুরো প্রজেক্টের গতি ধীর করে দিতে পারে। উদয় রুদ্ররাজুর নতুন এই ভূমিকা সম্পর্কে ওপেনএআই জানিয়েছে, “আমরা বিশ্বের বৃহত্তম কম্পিউট ফুটপ্রিন্ট তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছি, যাতে এআই প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।”

ওপেনএআই-এর ভবিষ্যৎ পরিকল্পনা:
উদয়ের এই পদোন্নতি প্রমাণ করে যে, এআই মডেলগুলোর আকার এবং জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে কতটা গুরুত্ব দিচ্ছে ওপেনএআই। তিনি জানিয়েছেন, সংস্থাটি বর্তমানে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, হার্ডওয়্যার, ম্যানুফ্যাকচারিং এবং ডাটা সেন্টার নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মেধাবী কর্মীদের নিয়োগ দিচ্ছে।

২০২৫ সালের জুলাই মাসে ওপেনএআই-তে যোগ দেওয়ার পর থেকেই তিনি সংস্থার কম্পিউট টিমকে আরও শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর এই নতুন নিয়োগ সংস্থার এআই প্রযুক্তির উদ্ভাবন এবং প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *