‘গাজোয়ারি নয়, জীবন বাঁচানোই লক্ষ্য’, ওয়াংচুক ইস্যুতে বড় নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট

অনশনরত প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দিল্লির সাফদরজং হাসপাতালে ভর্তি করার সরকারি সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, সমাজকর্মীর শারীরিক অবস্থার অবনতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এটিকে কোনোভাবেই ‘স্বেচ্ছাচারী’ বা ‘গাজোয়ারি’ বলা চলে না।

সোমবার শুনানি চলাকালীন চিকিৎসকদের মেডিক্যাল টিম আদালতে রিপোর্ট জমা দেয়। তাতে জানানো হয়, ওয়াংচুক মুখে তরল, পটাশিয়াম ক্লোরাইড এবং চিনিমুক্ত ওআরএস নিলেও, বারবার অনুরোধ সত্ত্বেও তিনি শিরায় (IV) তরল নিতে অস্বীকার করছেন। চিকিৎসকদের উদ্বেগ, তাঁর শরীরে পটাশিয়াম ও রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক হারে কমে গিয়েছে, যা যেকোনো সময় বড় বিপদের কারণ হতে পারে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই আদালত তাঁকে চিকিৎসকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, সোনম ওয়াংচুকের আইনজীবী প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করেন যে, ওয়াংচুক কোনো মামলার আসামি নন, তাই সংবিধানে নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। পাশাপাশি, তাঁকে হাসপাতালে ভর্তি করার আগের নির্দেশটি তাঁর মতামত না নিয়েই দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *