রাজনৈতিক টালমাটাল কোয়েল মল্লিক! মাঝ আকাশে বিমানসেবিকার সাথে ভাইরাল ‘টলিউড কুইন’

রাজনৈতিক উত্তাপ ও জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বুধবার তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা এবং বিজেপির হেভিওয়েট নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাতের পর থেকেই কোয়েলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। এই দলবদল সংক্রান্ত খবরের শিরোনামে থাকার মধ্যেই মাঝ আকাশে অভিনেত্রীর এক মিষ্টি মুহূর্তের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল।
বিমানসেবিকার মুগ্ধতা
দিল্লি থেকে কলকাতা ফেরার পথে বিমানে কোয়েল মল্লিককে যাত্রী হিসেবে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সুদীপ্তা দে নামের এক বিমানসেবিকা। কোয়েলের নম্রতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, বিমানসেবিকা সুদীপ্তা হাতজোড় করে কোয়েলের সঙ্গে কথা বলছেন, আর কোয়েলের মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি। ক্যাপশনে সুদীপ্তা লিখেছেন, “কোয়েল মল্লিক কেবল একজন তারকা নন, তিনি আমাদের ছোটবেলার স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। তাঁর ব্যবহারের মাধুর্য ভোলার নয়।”
নজরকাড়া সাজে ‘টলিউড কুইন’
রাজনীতির চাপানউতোর কিংবা দীর্ঘ সফরের ক্লান্তি— কোনো কিছুই কোয়েলের সৌন্দর্যে এতটুকু আঁচড় কাটতে পারেনি। ছবিতে তাঁকে সাদা-গোলাপী কম্বিনেশনের জমকালো সিল্ক শাড়িতে অত্যন্ত মার্জিত ও সাবেকি লুকে দেখা গেছে। সাধারণ সাজের মধ্যেও ওঁর আভিজাত্য নেটিজেনদের নজর কেড়েছে।
রাজনৈতিক জল্পনা অব্যাহত
উল্লেখ্য, গত বুধবার রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার সকালে কোয়েলকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা যাওয়ায় পদ্মশিবিরে তাঁর যোগদানের জল্পনা এখন তুঙ্গে। অনেকেই মনে করছেন, দিল্লি থেকে ফেরার পথেই বিমানে এই ছবিটি তোলা হয়েছে। এই রাজনৈতিক দলবদলের খবরে টলিউড ও রাজনৈতিক মহলে যখন তোলপাড় চলছে, তখন তাঁর এই মার্জিত ছবি ও সহজ ব্যবহার ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।