ইসরো ছেড়ে পালাচ্ছেন বিজ্ঞানীরা! গগনযান মিশনের মাঝেই মোদী সরকারের নজিরবিহীন কড়া পদক্ষেপ!

ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ মহাকাশ অভিযান ‘গগনযান’ (Gaganyaan) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রজেক্টের মাঝেই বড়সড় সংকটের মুখে দেশের শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বিগত কয়েক মাসে সংস্থাটির প্রায় ১০০ জন বিজ্ঞানী ও প্রকৌশলী চাকরি ছেড়ে দিয়েছেন বলে খবর। বিজ্ঞানীদের এই গণ-ইস্তফার জেরে জাতীয় স্তরের একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ স্পেস (DoS)।

কেন্দ্রের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গগনযান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত ‘গ্রুপ-এ’ (Group A) স্তরের বিজ্ঞানী ও প্রযুক্তিগত কর্মীদের ইস্তফা বা স্বেচ্ছাবসর (VRS) এখন আর স্বাভাবিক নিয়ম বা রুটিনমাফিক গ্রহণ করা যাবে না।

কী বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়?
গত মঙ্গলবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা একটি অফিসিয়াল মেমোরেন্ডামে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা গেছে যে ইসরোর ‘গ্রুপ এ’ বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের মধ্যে স্বেচ্ছাবসর এবং পদত্যাগের হিড়িক পড়েছে। এর মধ্যে অনেকেই দেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ গগনযান মিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞানীদের এভাবে চলে যাওয়ার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ মিশনগুলোর বাস্তবায়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নতুন নির্দেশিকা অনুযায়ী, ইসরোর কোনো বিজ্ঞানী বা উচ্চপদস্থ কর্মকর্তা যদি চাকরি ছাড়তে চান, তবে তাঁর আবেদন সরাসরি গ্রহণ করা যাবে না। আবেদনপত্রটি সংশ্লিষ্ট সেন্টারের ডিরেক্টরের স্পষ্ট মতামত ও সুপারিশসহ অবিলম্বে ডিপার্টমেন্ট অফ স্পেস-এর কাছে পাঠাতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রই।

কোথা থেকে কতজন বিজ্ঞানী ইস্তফা দিলেন?
একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ‘ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার’ (URSC) থেকে প্রায় ৮০ জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন। অন্যদিকে, কেরালার তিরুবনন্তপুরমের ‘বিক্রম সারাভাই স্পেস সেন্টার’ (VSSC) থেকে চাকরি ছেড়েছেন প্রায় ২০ জন বিজ্ঞানী।

তবে বিজ্ঞানীদের এই চলে যাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নয় ইসরো কর্তৃপক্ষ। সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই ধরনের পরিস্থিতি বা পদত্যাগের বিষয়গুলো মোকাবিলা করার জন্য ইসরো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *