‘এত রাতে খাবারও নেই, টাকাও গেল!’ সুইগির বিরুদ্ধে তৃতীয়বার ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া মৈত্র

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সুইগি’ (Swiggy)-র বিরুদ্ধে ফের একবার সরব হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু পরিষেবা নয়, গ্রাহক ঠকানোর অভিযোগে এবার কাঠগড়ায় বসালেন এই জনপ্রিয় ফুড অ্যাপটিকে। অভিযোগ, অর্ডার বাতিল হওয়ার পরেও খাবার না পাঠিয়ে বিলের পুরো টাকাই ‘ক্যানসেলেশন ফি’ হিসেবে কেটে নেওয়া হয়েছে।

ঠিক কী অভিযোগ সাংসদের? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ নিজের ক্ষোভ উগড়ে দিয়ে মহুয়া মৈত্র লেখেন, “হ্যালো সুইগি, এই নিয়ে তৃতীয়বার আপনারা কোনও কারণ ছাড়াই আমার অর্ডার বাতিল করলেন। অথচ ক্যানসেলেশন ফি হিসেবে পুরো ১,৪৫৭ টাকা কেটে নেওয়া হয়েছে। এত রাতে খাবারও পেলাম না, আবার কাস্টমার সার্ভিস থেকেও কোনো সাহায্য পেলাম না।”

মহুয়া মৈত্র এই অভিযোগের স্বপক্ষে একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দিল্লির একটি নামী রেস্তোরাঁ থেকে তাঁর অর্ডারটি বাতিল করা হয় এবং সুইগির তরফে মেইলে জানানো হয় যে, পরিষেবার জন্য ১,৪৫৭ টাকা ক্যানসেলেশন চার্জ কাটা হয়েছে। অর্থাৎ, খাবার না পেয়েও পুরো টাকা খোয়াতে হয়েছে সাংসদকে।

সুইগির প্রতিক্রিয়া বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। নেটনাগরিকদের বড় অংশই একই অভিজ্ঞতার কথা জানিয়ে সুইগির কাস্টমার সার্ভিসের তীব্র সমালোচনা করেন। চাপের মুখে পড়ে সুইগি কর্তৃপক্ষ পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, “আপনার এই অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অর্ডার বাতিল এবং চার্জের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করছি।”

বারবার বিতর্কে সুইগি প্রসঙ্গত, এটিই প্রথমবার নয়। এর আগেও আইসক্রিম ডেলিভারি নিয়ে সুইগির পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। বারবার এমন ঘটনা খাদ্য সরবরাহকারী সংস্থাগুলোর স্বচ্ছতা ও কাস্টমার রিফান্ড পলিসি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। খাবার না দিয়ে টাকা কেটে নেওয়ার এই ‘প্রথা’ সাধারণ গ্রাহকদের মধ্যে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *