আইপিও কী? কেন কোম্পানিগুলো শেয়ার বাজারে আসে? জেনে নিন বিনিয়োগের খুঁটিনাটি

শেয়ার বাজারে নতুন বিনিয়োগকারীদের জন্য ‘আইপিও’ বা ইনিশিয়াল পাবলিক অফারিং একটি অত্যন্ত পরিচিত শব্দ। তবে অনেকেই এর কার্যপদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন না। সহজ কথায়, যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো জনসাধারণের জন্য নিজেদের শেয়ার বাজারে ছাড়ে, সেই পদ্ধতিই হলো আইপিও। কোনো কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য যখন বিপুল পুঁজির প্রয়োজন হয়, তখন তারা মালিকানার একাংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করে মূলধন সংগ্রহ করে।

আইপিও-র প্রক্রিয়া:
একটি কোম্পানি যখন আইপিও আনার সিদ্ধান্ত নেয়, তখন তাদের দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সেবি’ (SEBI)-র কাছে আবেদন করতে হয়। মার্চেন্ট ব্যাঙ্কিং কোম্পানিগুলোর সহায়তায় শেয়ারের দাম, আনুমানিক মূলধন এবং মালিকানার শতাংশ নির্ধারণ করা হয়। আইপিও সম্পূর্ণ হওয়ার পর সেই শেয়ার স্টক এক্সচেঞ্জে (যেমন বিএসই বা এনএসই) তালিকাভুক্ত হয়, যেখানে সাধারণ মানুষ তা কেনাবেচা করতে পারে।

বিনিয়োগ করবেন কীভাবে?
আইপিও-তে আবেদনের জন্য আপনার কাছে সক্রিয় প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিভাট (শেয়ার ট্রেডিং) অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া: নির্দিষ্ট প্রাইস ব্যান্ডের মধ্যে অনলাইনে বা অফলাইনে বিড করা যায়।

টাকা কাটা: আবেদন করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘ব্লক’ করা থাকে। শেয়ার বরাদ্দ হওয়ার পরেই কেবল সেই টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হয় (ডেবিট), অন্যথায় বাকি টাকা আনব্লক হয়ে যায়।

শেয়ার প্রাপ্তি: বরাদ্দকৃত শেয়ার আপনার ট্রেডিং অ্যাকাউন্টে জমা হয়, যা আপনি ইচ্ছা করলে ধরে রাখতে পারেন বা বাজারে বিক্রি করতে পারেন।

বিনিয়োগের আগে যে বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখবেন:
আইপিও-তে বিনিয়োগ করার আগে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করা জরুরি:
১. কোম্পানির ব্যবসা: কোম্পানিটি কী ধরনের পণ্য বা পরিষেবা বিক্রি করছে এবং বাজারে তাদের অবস্থান কেমন।
২. আর্থিক অবস্থা: কোম্পানির মুনাফার হার, ক্যাশ ফ্লো এবং আগের আর্থিক রেকর্ডগুলো কেমন।
৩. টাকা ব্যবহারের উদ্দেশ্য: কোম্পানি কেন পুঁজি সংগ্রহ করছে? তারা কি পুরনো ঋণ শোধ করতে চাইছে, নাকি নতুন প্রকল্প বা গবেষণায় (R&D) খরচ করবে? মনে রাখবেন, যদি পুরনো ঋণ শোধের জন্যই টাকা তোলে, তবে কোম্পানির বড় কোনো উন্নতির সম্ভাবনা কম থাকে।
৪. ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ড: কোম্পানির মালিক বা পরিচালকদের অতীত রেকর্ড সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
৫. প্রতিযোগিতা: বাজারে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় কোম্পানিটি কতটা শক্তিশালী বা আলাদা।

শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ। তাই আইপিও-তে আবেদনের আগে কোম্পানির ‘রেড হেরিং প্রসপেক্টাস’ (RHP) ভালো করে পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *