‘১৫ বছরের সম্পর্কে ইতি, আর ফিরব না!’ দল ছেড়েই চোখে জল রচনার, এবার কার হাত ধরছেন হুগলির সাংসদ?

কোনও রাজনৈতিক পরিবার থেকে তাঁর উঠে আসা নয়। রুপোলি পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছিলেন একরাশ স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্নে আচমকাই ‘ব্যাঘাত’ ঘটল। আর সেই কারণেই দল বদলাতে বাধ্য হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পথ চলার পর অবশেষে তৃণমূলের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন তিনি।

মসৃণ সফরে হঠাৎ তালভঙ্গ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে বড় চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর আস্থার মর্যাদা রেখে বিপুল ভোটে জয়ীও হন রচনা। হুগলির স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্ব বাদ দিলে তৃণমূলের অন্দরে অভিনেত্রীর সফর মোটামুটি মসৃণই ছিল। কিন্তু সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহ তৈরি হতেই ছন্দপতন ঘটে। শাসকদলের ভাঙনের মাঝে যে ২০ জন সাংসদ প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেছিলেন, রচনা ছিলেন তাঁদের অন্যতম। পরবর্তীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদারদের নেতৃত্বে তাঁরা তৃণমূল ছেড়ে যোগ দেন সর্বভারতীয় দল এনসিপিআই (NCPI)-তে। আর সেই দলই এবার যোগ দিতে চলেছে এনডিএ (NDA) শিবিরে।

‘মোদীজি-অমিত শাহ ও শুভেন্দুর সমর্থক’, এনডিএ-তে যোগের আগে বিস্ফোরক রচনা আগামী ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সেখানেই এনডিএ শরিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে রচনার দল NCPI। তার ঠিক আগেই বুধবার নিজের লোকসভা কেন্দ্র হুগলিতে পা রাখেন অভিনেত্রী-সাংসদ। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে জেলাস্তরের ‘দিশা’ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, “আমি নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং শুভেন্দুদার সমর্থক। কোনও চিন্তাভাবনা নিয়ে রাজনীতিতে আসিনি। এখানে যদি দাদার সহযোগিতা পাই, মুখ্যমন্ত্রীর সহযোগিতা পাই, আমাদের হুগলির প্রচুর উন্নয়ন হবে।”

অসিত-দ্বন্দ্ব অতীত, পাশে এখন বিজেপি বিধায়ক এদিন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগকে পাশে নিয়েই রচনা জানান, এ বার তিনি হুগলিতে মনের মতো বিধায়ক পেয়েছেন। উল্লেখ্য, সাংসদ হওয়ার পর থেকেই চুঁচুড়ার তৎকালীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে রচনার দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দিতে দলের শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হলেও রেষারেষি কমেনি। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে তৃণমূল অসিতবাবুর টিকিট কেটে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করলেও তিনি পরাজিত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *