নির্ধারিত তিথির বাইরে রথযাত্রা কি শাস্ত্রসম্মত? জগন্নাথ মন্দির প্রশাসনের কড়া অবস্থানে ইসকন-বিতর্ক!

ভগবান জগন্নাথের বিশ্ববিখ্যাত রথযাত্রাকে কেন্দ্র করে পুরী শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর মধ্যকার মতবিরোধ নতুন মাত্রা পেল। রথযাত্রা কি নির্দিষ্ট তিথি মেনেই হতে হবে, নাকি বছরের অন্য সময়েও তা আয়োজন করা সম্ভব—এই প্রশ্নকে কেন্দ্র করেই দুই সংস্থার মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
পুরী মন্দির প্রশাসনের অবস্থান
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের উচ্চপর্যায়ের কমিটি সাফ জানিয়েছে, নির্ধারিত তিথি ছাড়া অন্য কোনো দিনে রথযাত্রা আয়োজন করা কোনোভাবেই শাস্ত্রসম্মত নয়। প্রশাসনের অভিযোগ, ইসকনের কিছু দাবি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মন্দির কর্তৃপক্ষের মতে, জগন্নাথ দেবের রথযাত্রা নিছক কোনো উৎসব নয়, এটি সনাতন ঐতিহ্য ও প্রাচীন ধর্মগ্রন্থের কঠোর অনুশাসন মেনে পালিত হয়। তাই এই তারিখ বা রীতি পরিবর্তনের কোনো অবকাশ নেই।
পুরানো বিবাদ, নতুন মোড়
এই বিবাদ নতুন নয়। এর আগেও গত ২০ মার্চ, ২০২৫ সালে ভুবনেশ্বরে দুই সংস্থার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ইসকন বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে রথযাত্রা আয়োজনের সপক্ষে শাস্ত্রীয় যুক্তি তুলে ধরেছিল। কিন্তু পুরীর ধর্মীয় নেতারা পুরাণ ও প্রামাণিক শাস্ত্রের উল্লেখ করে সেই যুক্তি নস্যাৎ করে দেন। ২০২৬ সালে রথযাত্রা বৃহস্পতিবার, ১৬ই জুলাই শুরু হয়ে ২৪শে জুলাই শেষ হওয়ার কথা রয়েছে, তবে তার আগেই এই বিতর্কের বিষয়টি আবারও সামনে এল।
ইসকনের প্রতিক্রিয়া
এই বিতর্কিত ইস্যু নিয়ে ইসকনের জাতীয় মুখপাত্র এবং যোগাযোগ বিভাগের কান্ট্রি ডিরেক্টর, যুধিষ্ঠির গোবিন্দ দাস জানিয়েছেন, মন্দির প্রশাসনের বিবৃতিটি তারা এখনও দেখেননি। তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে তিনি জানিয়েছেন।
রথযাত্রার নির্দিষ্ট তারিখ কেন গুরুত্বপূর্ণ?
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। এই তিথিতেই ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা তাঁদের গুন্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা করেন। শাস্ত্রীয় ঐতিহ্য ও শত শত বছরের বিশ্বাস অনুযায়ী, এই তারিখটি অপরিবর্তনীয়। ধর্মপ্রাণ ভক্তদের মতে, রথযাত্রার দিনক্ষণ পরিবর্তনের চেষ্টা ঐতিহ্যের পরিপন্থী।
জগন্নাথ সংস্কৃতি ও রীতির শুদ্ধতা বজায় রাখার প্রশ্নে মন্দির প্রশাসন এখন যে কঠোর অবস্থান নিয়েছে, তাতে আগামী দিনে এই বিতর্ক কোন পথে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।