২০ বছর পর অবশেষে স্বভূমে তসলিমা! নতুন সরকারের উদ্যোগে ফিরছেন নির্বাসিত লেখিকা

প্রায় ২০ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে শেষ পর্যন্ত নিজের প্রাণের শহর কলকাতায় ফিরতে চলেছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। রাজনৈতিক ও ধর্মীয় চাপের মুখে পড়ে একসময় যে শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি, বর্তমান সরকারের ইতিবাচক উদ্যোগে ফের সেই শহরের মাটিতে পা রাখতে চলেছেন তিনি। জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই লেখিকার ফেরার পথ প্রশস্ত হয়েছে।

‘কলকাতা আমাকে ভুলে যায়নি’
দীর্ঘদিন পর নিজের দ্বিতীয় ঘরে ফেরার সুযোগ পেয়ে আবেগপ্রবণ লেখিকা। তসলিমা বলেন, “আমি ভেবেছিলাম হয়তো মৃত্যুর পরই কলকাতা আমাকে গ্রহণ করবে। আজ জীবিত অবস্থায় কলকাতায় ফিরতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দের।” তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘ এই সময়জুড়ে কলকাতার মানুষ তাঁকে যেভাবে মনে রেখেছেন এবং ফিরে আসার জন্য অপেক্ষা করেছেন, তার জন্য তিনি তাঁদের কাছে চিরঋণী।

কী বলছেন তসলিমা?
লেখিকার কথায়, “সরকার বদলেছে, সময় বদলেছে, কিন্তু কলকাতায় ফেরার আকাঙ্ক্ষা আমার কোনোদিন বদলায়নি। আগের সরকারগুলো যে সিদ্ধান্ত নিতে পারেনি বা চায়নি, নতুন সরকার সেই অচলাবস্থা ভাঙার উদ্যোগ নিয়েছে।” তিনি আরও যোগ করেন, একজন লেখককে তাঁর প্রিয় শহর থেকে নির্বাসিত করে রাখা কোনো গণতান্ত্রিক সমাজের জন্য গৌরবের বিষয় নয়। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার পক্ষে একটি বড় বার্তা হিসেবে দেখছেন।

নিরাপত্তার বিষয়ে আশ্বাস:
রাজ্য সরকার কেবল ফেরার পথই উন্মুক্ত করেনি, পাশাপাশি লেখিকার নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এই প্রত্যাবর্তনের উদ্যোগের পেছনে থাকা ব্যক্তি এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন।

উল্লেখ্য, বাম আমল থেকে শুরু করে তৃণমূলের ১৫ বছরের দীর্ঘ শাসনকালেও বিভিন্ন জটিলতায় কলকাতায় ফেরা হয়ে ওঠেনি তাঁর। এমনকী, বইমেলায় তাঁর বই প্রকাশ নিয়েও বারবার তৈরি হয়েছে বিতর্ক। অবশেষে এই দীর্ঘ জট কাটিয়ে তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে এক বড় আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *