নিয়োগ ঘিরে জটিলতা: সুপ্রিম কোর্টের বড় আদেশে বিপাকে রাজ্যের ৩৫০ মাদ্রাসা কর্মী!

পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কর্মরত ৩৫০ জনেরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরির দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ে বড় ধরনের মোড় এল।

পুরো ঘটনাটি কী? মূলত ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন, ২০০৮’-কে কলকাতা হাইকোর্টের সিঙ্গল এবং পরে ডিভিশন বেঞ্চ অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। সেই রায়ের পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্বীকৃত মাদ্রাসায় যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তা নিয়েই শুরু হয় বিতর্ক। নিজেদের নিয়োগ বৈধ দাবি করে বেতন পাওয়ার আর্জি নিয়ে ৪০টিরও বেশি রিট পিটিশন দাখিল করেছিলেন সংশ্লিষ্ট কর্মীরা।

কেন এই রায়? আবেদনকারীদের দাবি ছিল, সমস্ত নিয়ম মেনেই তাঁদের নিয়োগ করা হয়েছে। তাই রাজ্য সরকারের ‘গ্রান্টস-ইন-এইড’ বা সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে তাঁরা যোগ্য। তবে এই দাবি মানতে নারাজ আদালত।

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট একটি বিশেষ কমিটি গঠন করেছিল। হাইকোর্টের রায়ের পরে হওয়া ওই নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখাই ছিল এই কমিটির কাজ। দীর্ঘ পর্যালোচনার পর কমিটি স্পষ্ট জানিয়ে দেয় যে, আবেদনকারীদের নিয়োগ বৈধ নয়। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সোমবার সুপ্রিম কোর্ট আবেদনকারীদের সমস্ত দাবি খারিজ করে দিয়েছে।

এই রায়ের ফলে রাজ্যের বহু মাদ্রাসা কর্মী নতুন করে সংকটের মুখে পড়লেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *